Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে বিতর্ক, বিপাকে আর্জেন্টিনা

আফ্রিকার দলটি দীর্ঘ ২৫ ঘণ্টার ভ্রমণ শেষে আর্জেন্টিনায় পৌঁছায়

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে চলছে বিশেষ আয়োজনের প্রস্তুতি।

তবে এরই মধ্যে ম্যাচটি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মেসির বিদায়ের এই বিশেষ ম্যাচের আগে বেনিনের অভিজ্ঞতা সুখকর হয়নি। আফ্রিকার দলটি দীর্ঘ ২৫ ঘণ্টার ভ্রমণ শেষে আর্জেন্টিনায় পৌঁছায়। এই যাত্রার ধকল সামলাতে গিয়ে দলের ভিডিও বিশ্লেষক কয়েক মিনিটের জন্য জ্ঞান হারান বলে জানিয়েছে বেনিনের সংবাদমাধ্যম।

আর্জেন্টিনায় পৌঁছানোর পরও ভোগান্তি শেষ হয়নি বেনিনের। দলের হোটেলের একটি তলায় ছিল না গরম পানির ব্যবস্থা। তাদের জন্য বরাদ্দ জিমেও পেশাদার অনুশীলনের উপযোগী পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। ফলে কৃত্রিম টার্ফের মাঠে অনুশীলন করতে হয়েছে দলটিকে।

বেনিনের এসব সমস্যার খবর প্রকাশের পর আর্জেন্টিনার আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, কয়েক দিন আগেই বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ ঘিরেও একই ধরনের লজিস্টিক জটিলতা সামনে এসেছিল।

বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা ম্যাচ শুরুর মাত্র তিন ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছেছিলেন। ভ্রমণ ব্যবস্থাপনার কারণে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে দলটি। শেষ পর্যন্ত ম্যাচটি ৭-০ গোলে জেতে আর্জেন্টিনা। এ নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

তবে বেনিনের ক্ষেত্রে পরে পরিস্থিতির উন্নতি হয়েছে। গরম পানির ব্যবস্থা ঠিক করা হয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামও পৌঁছেছে। দলটি অনুশীলনও শুরু করেছে। বেনিনের পক্ষ থেকে পরে জানানো হয়েছে, প্রাথমিক জটিলতা কাটিয়ে এখন তাদের প্রস্তুতি স্বাভাবিকভাবেই চলছে।

   

About

Popular Links

x