Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেষ ষোলোয় ‘ডি’ গ্রুপ থেকে ফ্রান্সের সঙ্গী কে?

অস্ট্রেলিয়া এবং ডেনমার্ককে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৮:৩৯ পিএম

কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব প্রায় শেষদিকে চলে এসেছে। ইতোমধ্যে “এ” গ্রুপ থেকে নেদারল্যান্ডস, সেনেগাল; “বি” গ্রুপ থেকে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, “ডি” গ্রুপ থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, “জি” গ্রুপ থেকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং “এইচ” গ্রুপ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

অনেক দল এখনও আনুষ্ঠানিকভাবে শেষ ষোলোর টিকিট না পেলেও সেখানে এক পা দিয়ে রেখেছে। চলুন দেখে নিই গ্রুপপর্বের শেষ রাউন্ডের আগে শেষ ষোলোতে জায়গা করে নিতে “ডি” গ্রুপের কোন দলের সামনে কী কী সমীকরণ রয়েছে-

ডেনমার্ক: তিউনিশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ১-২ গোলের হারে এখন পর্যন্ত দুই ম্যাচে ডেনমার্কের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। গ্রুপপর্বের শেষ ম্যাচে ডেনিশদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সরাসরি শেষ ষোলোয় যেতে হলে সকারুদের বিপক্ষে অবশ্যই জিততে হবে ডেনমার্ককে।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেও নকআউট পর্বের টিকিট পেতে ফ্রান্সের কাছে তিউনিশিয়ার হার কামনা করতে হবে ডেনমার্ককে। তবে ফরাসিদের বিপক্ষে তিউনিসিয়ানরা জয়লাভ করলেও ডেনিশদের সামনে সুযোগ থাকবে, সেক্ষেত্রে গোল ব্যবধানে কার্থেজের ঈগলদের চেয়ে এগিয়ে থাকতে হবে ইউরোপীয় দেশটিকে।

অস্ট্রেলিয়া: বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ১-৪ গোলে বিধ্বস্ত হয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করলেও পরের ম্যাচেই তিউনিশিয়ার বিরুদ্ধে ১-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ডেনমার্কের বিরুদ্ধে মাঠে নামার আগে দুই ম্যাচে সকারুদের সংগ্রহ ৩ পয়েন্ট। গ্রুপপর্বের শেষ ম্যাচে ডেনিশদের হারালেই সরাসরি শেষ ষোলোতে পা রাখবে অস্ট্রেলিয়ানরা। 

তবে ডেনমার্কের সঙ্গে ড্র করলে এবং ফ্রান্সের বিপক্ষে তিউনিশিয়া জিতলেও তাদের সামনে নকআউট পর্বের রাস্তা খোলা থাকবে। সেক্ষেত্রে আফ্রিকান দলটির চেয়ে অস্ট্রেলিয়ার গোল ব্যবধান বেশি থাকতে হবে। তবে ডেনমার্কের কাছে হেরে গেলে অস্ট্রেলিয়ান বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে গ্রুপপর্বেই।

তিউনিশিয়া: প্রথম ম্যাচে ডেনমার্ককে রুখে দিলেও পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-১ গোলে হেরে খাদের কিনারায় চলে গিয়েছে তিউনিশিয়া। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। নকআউট পর্বের আশা জিইয়ে রাখতে ফরাসিদের বিপক্ষে জয়ের বিকল্প নেই কার্থেজের ঈগলদের।

তবে ইউরোপীয় পরাশক্তিদের হারালেও ডেনমার্ক এবং অস্ট্রেলিয়ার মধ্যকার গ্রুপের অপর ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তিউনিশিয়ানদের। ওই ম্যাচটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডেনমার্ক হার এড়ালেই প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে পা রাখবে তিউনিশিয়া। আর ফ্রান্সের কাছে হেরে গেলে সবার তলানিতে থেকেই গ্রুপপর্ব থেকে বিদায় নেবে তারা।

   

About

Popular Links

x