বিশ্বকাপ ফুটবল নিয়ে কিংবদন্তি বা বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী নতুন কিছু না। টুর্নামেন্ট শুরুর আগে সম্ভাব্য চ্যাম্পিয়ন এবং নকআউট পর্বের গতিপথ নিয়ে অনেকেই নিজস্ব ধারণা থেকে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করে থাকেন। এর মধ্যে কারও ভবিষ্যদ্বাণী আংশিক মেলে আবার কারওটা মেলে না।
চমকের পর চমক উপহার দেওয়া কাতার বিশ্বকাপে একের পর এক ধাপ পেরিয়ে সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা, ফ্রান্স, ক্রোয়েশিয়া এবং মরক্কো। ফ্রান্স এবং আর্জেন্টিনাকে অনেকে নিজের ভবিষ্যদ্বাণীতে সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে রাখলেও অধিকাংশ ক্ষেত্রেই ক্রোয়েশিয়া আর মরক্কোর নাম ছিল না।
তবে শুনতে অবাক লাগলেও সত্যি, কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব চলাকালেই আর্জেন্টিনা, ফ্রান্স, ক্রোয়েশিয়া আর মরক্কোকে সেমিফাইনালিস্ট হিসেবে দেখেছিলেন ইগোর স্টিমাচ। আশ্চর্যজনকভাবে, ভারতীয় ফুটবলে কোচের ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ওই চার দলই।
কাতার বিশ্বকাপের শেষ চারের নিখুঁত ভবিষ্যদ্বাণীর দিক থেকে লুই ফিগো এবং ওয়েইন রুনির মতো কিংবদন্তিদেরও ছাড়িয়ে গেছেন ১৯৯৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে খেলা ইগোর স্টিমাচ। ভারতীয় ফুটবলে কোচের পাশাপাশি তিনি কাতার বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারক স্পোর্টস ১৮ এর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।
ফ্রান্স এবং আর্জেন্টিনা হট ফেবারিট হিসেবে আসায় অনেকেই টুর্নামেন্টে তাদের সেমিফাইনালে দেখেছিলেন। তবে এফ গ্রুপে থাকা ক্রোয়েশিয়া এবং মরক্কো নিঃসন্দেহে সবার ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শেষ চারের টিকিট পেয়েছে।
সেমিফাইনালে আসার পথে শেষ আটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে, প্রথম আরব আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখানোর পথে বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালের মতো পরাশক্তিদের পরাস্ত করে এসেছে মরক্কানরা।
নিজের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইগোর স্টিমাচ বলেন, “সাধারণত আমার ভবিষ্যদ্বাণী তেমন ভুল হয় না। কারণ আমি কখনো ধারণার ওপর ভিত্তি করে কিছু বলি না। আমি মন আর হৃদয়কে একত্রে নিয়ে ভাবি।”
My predictions generally never go wrong. As i doesn't like to guess but think with the combination of mind & heart! IDEMO Hrvatska ???? @Sports18 @jiostudios @HNS_CFF https://t.co/6jrPgBldE4 pic.twitter.com/qFkRa14Abw
— Igor Štimac (@stimac_igor) December 12, 2022
কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বুধবার একই সময়ে আল বাইত স্টেডিয়ামে অপর সেমিফাইনালে পরস্পরের মোকাবিলা করবে মরক্কো এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দুই সেমিফাইনালে জয়ী দল লুসাইল আইকনিক স্টেডিয়ামে ১৮ ডিসেম্বরের ফাইনালে মাঠে নামবে।



