Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অতীত ইতিহাস থেকে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের সূত্র খুঁজছে চেলসি

ক্লাবের অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাওয়ার পরই যে ২০১২ এবং ২০২১ সালে দুবার ইউরোপ শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়েছে ব্লুজরা

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৮:০৬ পিএম

২০২২-২৩ মৌসুমটা চেলসির জন্য ভালো যাচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে পয়েন্ট তালিকায় ব্লুজদের অবস্থান ১১তম। এফএ কাপ এবং লিগ কাপ থেকেও অনেক আগেই ছিটকে গেছে লন্ডনের ক্লাবটি।

বলার মতো একমাত্র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেই টিকে আছে চেলসি। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পাড়ি জমানোর পর শেষ ষোলোয় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ব্লুজরা। 

চেলসির কোচের আসনও যেন এ মৌসুমে রীতিমতো মিউজিক্যাল চেয়ার। গত সেপ্টেম্বরে টমাস টুখেলকে পদচ্যুত করে ইংলিশ ক্লাবটি। তার রেখে যাওয়া জুতোয় পা গলিয়ে গ্রাহাম পটার টিকতে পেরেছেন মোটে সাত মাস। মৌসুমের বাকি সময়ের জন্য ক্লাবের ডাগআউটে এসেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

তবে মাঠের ভেতরের এবং বাইরের এ টালমাটাল অবস্থা থেকেই অনুপ্রেরণা খুঁজছে চেলসি। ক্লাবের এমন অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাওয়ার পরই যে ২০১২ এবং ২০২১ সালে মৌসুম শেষে ইউরোপ শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়েছে ব্লুজরা।

২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় চেলসির প্রতিপক্ষ ছিল নাপোলি। ইতালিতে প্রথম লেগে ব্লুজরা ১-৩ গোলে হেরে আসার পর কোচের পদ থেকে চাকরিচ্যুত হন আন্দ্রে ভিলাস বোয়াস। মৌসুমের বাকি সময়ের জন্য অস্থায়ী কোচের দায়িত্ব নেন তার সহকারী রবার্তো ডি মাত্তেও।

এরপরই যেন চেলসির পুনর্জন্ম হয়। শেষ ষোলোর ফিরতি লেগে অতিরিক্ত সময়ে নাপোলিকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পাড়ি জমায় লন্ডনের ক্লাবটি। এরপর শেষ আটে বেনফিকা, সেমিফাইনালে তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং ফাইনালে স্বাগতিক বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরা হয় চেলসি।

৯ বছর পর ফুটবলের পাণ্ডুলিপি যেন একই দৃশ্যপট অনুসরণ করে। ২০২০-২১ মৌসুমের মাঝপথে দলের বাজে পারফরম্যান্সের দায়ে চেলসির কোচের পদ থেকে ছাঁটাই হন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তার জায়গায় দলের কোচ হয়ে আসেন টমাস টুখেল। এরপর শেষ ষোলোয় অ্যাটলেটিকা মাদ্রিদ, কোয়ার্টার ফাইনালে পোর্তো, সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এবং ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় চেলসি।

অস্থায়ী কোচের বিষয়টি বাদ দিলেও চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যের জন্য চেলসি অনুপ্রেরণা নিতে পারে আরেকটি বিষয় থেকেও। গত দশকে একমাত্র ক্লাব হিসেবে নির্দিষ্ট মৌসুমে ঘরোয়া লিগে শীর্ষ চারে না থেকেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে সমর্থ হয়েছে। ২০১২ সালে প্রথমবারের মতো ইউরোপ সেরা হলেও সেবার প্রিমিয়ার লিগে ছয়ে থেকে মৌসুম শেষ করেছিল ব্লুজরা।

২০২২-২৩ মৌসুমেও চেলসি নিজেদের গড়া ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে নাকি, সেটা সময়ই বলবে। বুধবার (১২ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে চেলসি। আগামী ১৮ এপ্রিল স্টামফোর্ড ব্রিজে ফিরতি লেগে ১৪ বারের চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে ব্লুজরা।

   

About

Popular Links

x