Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চ্যাম্পিয়ন্স লিগের যেসব প্রত্যাবর্তন থেকে আশাবাদী হতে পারে বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত প্রথম লেগ শেষে তিন বা তার চেয়ে বেশি গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও পরের রাউন্ডে যাওয়ার চারটি ঘটনা রয়েছে

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৪:৫০ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে একরকম খাদের কিনারায় চলে গেছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (১১ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে শেষ আটের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে ০-৩ গোলে হেরে গেছে জার্মান ক্লাবটি। গত ছয় বছরে ইউরোপিয়ান মঞ্চে এর চেয়ে বাজে পরাজয়ের মুখ দেখেনি বাভারিয়ানরা।

সেমিফাইনালের টিকিট পেতে হলে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে ন্যুনতম চার গোলের ব্যবধানে জিততে হবে বায়ার্নকে। কাজটা কঠিন হলেও অসম্ভব না। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম লেগ শেষে তিন গোল তো বটেই, চার গোলের ব্যবধানে পিছিয়ে পড়েও পরের রাউন্ডে উত্তীর্ণ হওয়ার নজির রয়েছে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রথম লেগ শেষে তিন বা তার চেয়ে বেশি গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও পরের রাউন্ডে যাওয়ার চারটি ঘটনা রয়েছে। চলুন তাহলে দেখে নিই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ইতিহাসে চার দুর্দান্ত প্রত্যাবর্তনের ইতিহাস-

দেপোর্তিভো লা করুনা বনাম এসি মিলান (২০০৩-০৪)

২০০৩ সালে ষষ্ঠবারের মতো ইউরোপসেরার মুকুট পরে এসি মিলান। শিরোপা ধরে রাখার লক্ষ্যে পরের মৌসুমের কোয়ার্টার ফাইনালে দেপোর্তিভো লা করুনার মু্খোমুখি হয় ইতালিয়ান পরাশক্তিরা। সান সিরোতে প্রথম লেগে দেপোর্তিভো লা করুনাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে এসি মিলান।

ফিরতি লেগের আগে সবাই রোজোনারিদেরই শেষ চারে দেখছিল। কিন্তু স্পেনে ফিরতি লেগে ইতালিয়ান ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অবিশ্বাস্যভাবে সেমিফাইনালের টিকিট পায় দেপোর্তিভো। স্প্যানিশ ক্লাবটির আগে কোনো দলই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম লেগে তিন গোলের ব্যবধানে পিছিয়ে থেকে পরের পর্বে জায়গা করে নিতে পারেনি।

এএস রোমা বনাম বার্সেলোনা (২০১৭-১৮)

এবারও মহারণটা স্প্যানিশ ক্লাব আর ইতালিয়ান ক্লাবের মধ্যে। তবে এবার পার্থক্য বিজয়ী আর বিজেতার ভূমিকায়। ২০১৭-১৮ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এএস রোমাকে প্রতিপক্ষ হিসেবে পায় বার্সেলোনা। প্রথম লেগে ন্যু ক্যাম্পে ইতালিয়ান ক্লাবটিকে ৪-১ গোলে পরাজিত করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বার্সেলোনার যে গোলে গর্জে উঠেছিল রোম/টুইটার

বার্সেলোনার ফর্মের কারণে ফিরতি লেগের আগে রোমার পক্ষে বাজি ধরার লোকের সংখ্যা খুব বেশি ছিল না বললেই চলে। কিন্তু রোমে কাতালান ক্লাবটিকে একরকম অভাবনীয়ভাবে ৩-০ গোলে হারিয়ে দেয় রোমা। দুই লেগ মিলিয়ে অ্যাগ্রিগেটে ৪-৪ গোলের সমতা থাকলেও অ্যাওয়ে গোলের সুবিধায় সেমিফাইনালে পা রাখে ইতালিয়ান ক্লাবটি।

লিভারপুল বনাম বার্সেলোনা (২০১৮-১৯)

বছর না ঘুরতেই আবারও একই পরিণতি বরণ করতে হয় বার্সেলোনাকে। এবার তাদের হন্তারক লিভারপুল। ২০১৮-১৯ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অলরেডদের ৩-০ গোলে পরাজিত করে বার্সা।

অ্যানফিল্ডে বার্সেলোনার বিপক্ষে জয়সূচক গোলের পর লিভারপুলের ডিভোক অরিগির উচ্ছ্বাস//সংগৃহীত

ঘরের মাঠে প্রথম লেগে বার্সেলোনা যতটা ক্ষুরধার ছিল, ইংল্যান্ডে গিয়ে ফিরতি লেগে যেন তারা ততটাই নড়বড়ে ছিল। ডিভোক অরিগি ও জিনি উইনালদমেন জোড়া গোলে কাতালান ক্লাবটিকে ৪-০ গোলে পরাজিত করে লিভারপুল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয়ে ফাইনালে পৌঁছে যায় ইংলিশ ক্লাবটি; পরবর্তীতে ষষ্ঠবারের মতো শিরোপাও জিতে নেয় তারা।

বার্সেলোনা বনাম পিএসজি (২০১৬-১৭)

বার্সেলোনা যদিও টানা দুই মৌসুমে প্রথম লেগে পাওয়া তিন গোলের অগ্রগামিতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে, তবে টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র দল হিসেবে নকআউট পর্বে প্রথম লেগ শেষে চার গোলের ব্যবধানে পিছিয়ে থেকেও পরের পর্বে যাওয়ার নজির রয়েছে শুধু তাদেরই। ২০১৬-১৭ মৌসুমে শেষ ষোলোর প্রথম লেগে পার্ক দেস প্রিন্সেসে পিএসজির কাছে ০-৪ গোলে উড়ে যায় স্প্যানিশ পরাশক্তিরা।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তখন পর্যন্ত নকআউট পর্বে চার গোলের ব্যবধানে পিছিয়ে থেকে পরের পর্বের টিকিট পাওয়ার নজির ছিল না। কিন্তু ন্যু ক্যাম্পে ফিরতি লেগের শুরু থেকেই নতুন ইতিহাস বদলে দেওয়ার লক্ষ্যে মাঠে নামে বার্সেলোনা। ৫০ মিনিটের মাঝেই তিন গোল করে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে তারা।

পিএসজির ইতিহাস সৃষ্টিকারী সেই প্রত্যাবর্তনের পর বার্সেলোনার বাঁধভাঙা উল্লাস//টুইটার

কিন্তু ৬২ মিনিটে পিএসজির এডিনসন কাভানির গোলে বার্সেলোনা আবার ব্যাকফুটে চলে যায়। কারণ ফরাসি ক্লাবটি অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় বার্সাকে কাতালান ক্লাবটিকে কমপক্ষে তিন গোল করতে হবে। পরবর্তীতে ম্যাচের শেষদিকে ৭ মিনিটের ব্যবধানে তিন গোল করে ৬-১ ব্যবধানে জয় পায় কাতালান ক্লাবটি। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালের টিকিট পায় বার্সা।

   

About

Popular Links

x