Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সামনের বিশ্বকাপ খেলবেন না, জানালেন মেসি

বছর দেড়েকের ব্যবধানে আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ফুটবলে সম্ভাব্য সবকিছুই জিতে ফেলেছেন মেসি

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৯:১১ পিএম

ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপাই জিতে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মরুর বুকে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো বিশ্বকাপে মাঠে নামার আগে আর্জেন্টাইন জাদুকর জানিয়ে দিয়েছিলেন, শেষবারের মতো ফুটবলের বিশ্বমঞ্চে দেখা যাবে তাকে।

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের পর অবশ্য মেসি বলেছিলেন, পরের বিশ্বকাপ না খেললেও এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধিনায়ক বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান। তবে ২০২৬ বিশ্বকাপে তাকে দেখা যাবে নাকি, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

অবশেষে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন মেসি। ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়েছেন, জাতীয় দলের জার্সিতে খেলা চালিয়ে গেলেও আগামী বিশ্বকাপ খেলার কোনো পরিকল্পনা নেই। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে গোল ডট কম।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এই মুহূর্তে চীনে আছে লিও মেসির আর্জেন্টিনা। সেখানে স্থানীয় সংবাদমাধ্যম টাইটান স্পোর্টসকে পরবর্তী বিশ্বকাপে খেলা প্রসঙ্গে মেসি বলেন, “আমার মনে হয় না। এটাই (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ ছিল। আমি দেখব পরিস্থিতি কোনদিকে গড়ায়। তবে আমি পরবর্তী বিশ্বকাপে খেলছি না।”

বছর দেড়েকের ব্যবধানে আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ফুটবলে সম্ভাব্য সবকিছুই জিতে ফেলেছেন মেসি। নতুন করে তাই জাতীয় দলের হয়ে মেসির আর কিছু প্রমাণের বাকি নেই। ২০২৬ সালের বিশ্বকাপ চলাকালে মেসির বয়স হয়ে যাবে ৩৯। বাস্তবতা জানেন বলেই হয়ত ওই বয়সে আর বিশ্বকাপে যাওয়া নিয়ে মেসির কোনো চিন্তা নেই।

এর আগে মেসির ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনার প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, “আমার মনে হয় মেসি সেখানে খেলবে (২০২৬ বিশ্বকাপ)। এটা তার ওপর নির্ভর করছে। সে নিজেকে ফিট মনে করলে এবং আরও কিছু জিততে চাইলে এমনটা হতে পারে। তার জন্য জাতীয় দলের দরজা সর্বদা উন্মুক্ত থাকবে। সে মাঠে সব সময় আনন্দে থাকে এবং তাকে পাওয়াটাও আমাদের জন্য দারুণ ব্যাপার হবে।”

গত বছরের আগে আলোক ঝলমলে বর্ণাঢ্য ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা বলতে বাকি ছিল ফিফা বিশ্বকাপ জেতা। কিন্তু সেই অপ্রাপ্তি ঘোচানোর মাধ্যমে কাতার বিশ্বকাপ যেন আর্জেন্টিনা অধিনায়ককে দুই হাত ভরে দিয়েছিল। নামের পাশে সাত গোল নিয়ে আর একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়ে তিন যুগ পর আলবিসেলেস্তেদের বিশ্বকাপ এনে দিতে তিনি সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন। টুর্নামেন্ট শেষে ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বলও জিতে নিয়েছিলেন মেসি।

চলমান আন্তর্জাতিক বিরতিতে এশিয়া সফরে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার চারদিন পর স্বাগতিক ইন্দোশিয়ার বিপক্ষে লড়বে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

   

About

Popular Links

x