আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে দেখার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আগামী ৩ জুলাই অতি সংক্ষিপ্ত সফরে ঢাকা আসবেন তিনি। মার্টিনেজ নিজের আগ্রহেই ঢাকা সফরে আসছেন।
সোমবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
তিনি লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহভরে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।”
এদিকে ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের বরাত দিয়ে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন জানিয়েছে, এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় আসবেন কয়েক ঘণ্টার জন্য।
গত বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দারুণ সব সেভে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক ছিলেন মার্টিনেজ। অতিরিক্ত সময়ে যখন স্কোর ৩-৩, তখন র্যান্ডাল কোলো মুয়ানির লক্ষ্যে নেওয়া শট অবিশ্বাস্যভাবে বাঁ পায়ে সেভ করেন তিনি। টাইব্রেকারেও কিংসলে কোম্যানকে রুখে দিয়ে ট্রফি জয়ে অবদান রাখেন মার্টিনেজ।



