Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্রোয়েট কোচ: আশা করি সেমিফাইনালে উগ্রতা দেখাবে না আর্জেন্টিনা

ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ বলেন, ফুটবলের বাইরের অনেক বিষয়ের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনাও আগ্রাসী হয়ে উঠেছিল। আশা করি, মঙ্গলবার এমন কিছু হবে না

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০১:৫৬ পিএম

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়দের মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। বেশ কয়েকবার উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয় মাঠে। 

আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালের আগে ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ বলেন, ফুটবলের বাইরের অনেক বিষয়ের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনাও আগ্রাসী হয়ে উঠেছিল। আশা করি, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এমন কিছু হবে না।

লুসাইল স্টেডিয়ামে গত শুক্রবারের ওই ম্যাচে শেষ দিকে দুটি গোল শোধ করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় নেদারল্যান্ডস। এ সময় আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড় ও কোচিং স্টাফরা মাঠে ঢুকে পড়েন। টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের পর মাঠে আরও উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুই দলের মাঝে।

ম্যাচ চলাকালে কিংবা শেষে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ মিলিয়ে এই ম্যাচে মোট ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ রেফারি অ্যান্টোনিও মাতেউ লাহোজ। যা বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ। পুরো ম্যাচে তার কিছু সিদ্ধান্ত নিয়েও দুই দল অসন্তুষ্টি প্রকাশ করে। পরে দুই দলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে ফিফা।

স্পট-কিকে আর্জেন্টিনার দ্বিতীয় গোল করার পর মেসি অন্যরকম উদযাপন করেন নেদারল্যান্ডসের ডাগআউটের সামনে গিয়ে, যেখানে বসা ছিলেন দলটির কোচ লুই ফন গাল। ম্যাচের পর সাবেক বার্সেলোনা কোচের দিকে আঙুল তুলেও কথা বলতে দেখা যায় আর্জেন্টিনা অধিনায়ককে। ডাচদের দুটি গোল করা ভঠ ভেহর্স্টকে “বোকা” বলে সম্বোধন করেন তিনি।

খেলা চলাকালীন নেদারল্যান্ডসের কিছু খেলোয়াড় আর্জেন্টাইনদের উসকে দিয়েছিল। আর্জেন্টিনার খেলোয়াড়রা আবার পেনাল্টি শুটআউটে জয়ের পর ডাচদের ব্যঙ্গ করে সেটির জবাব দেয়। সব মিলিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে দালিচের সঙ্গে করমর্দনে অস্বীকৃতি জানান তখনকার আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।

এবার টুর্নামেন্টের ফেভারিটদের একটি ব্রাজিলকে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমি-ফাইনালে উঠছে ক্রোয়াটরা। ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে গতবারের রানার্সআপরা। 

দালিচ বলেন, “চার বছর আগের ঘটনায় কোনো ক্ষোভ নেই তাদের। আমি বুঝতে পারছি, তখন (২০১৮ সালে) অনেক বিষয় জড়িত ছিল, প্রত্যাশা অনেক বেশি ছিল। এরকমটা হয়ে থাকে। আমাদের কোনো ক্ষোভ নেই। আমি আবেগের বশে কারো ওপর রাগ করি না।”

   

About

Popular Links

x