বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন আর্জেন্টাইন যুবক হুয়ান পোলকান। কয়েক মাস আগে করা পরিকল্পনা বাস্তবায়ন করতে তিনি প্যারিসে পৌঁছান। অনেক কষ্টে জোগাড় করেন মেসির ঠিকানা। তারপর দীর্ঘ ১০ ঘণ্টা বসে ছিলেন স্বপ্নের তারকার বাসার সামনে।
অবশেষে তার পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। শুধু দেখাই না। বরং আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কের বাসায় ঢুকেছেন এবং তার দেওয়া অটোগ্রাফ শরীরে ট্যাটুও করিয়েছেন।
যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম ইনফোবে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এছাড়া পোলকান নিজেও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির অটোগ্রাফ দেওয়ার ভিডিও এবং ছবি পোস্ট করেছেন।
ইনফোবেকে পোলকান বলেছেন, “মেসির বাসার সামনে অপেক্ষা করেছি ভালোবাসা থেকে। তার সঙ্গে দেখা করার ইচ্ছাটা মনের ভেতর পুষে রেখেছিলাম। সকাল ৯টা পর্যন্ত বসে থাকার পর তাকে অনুশীলনে যেতে দেখি। শুরুতে সে একা ছিল, দুপুরের দিকে একটি ছেলে এসে তার সঙ্গে যোগ দেয়।”
অপেক্ষার প্রথম কয়েক ঘণ্টা খুব দীর্ঘ মনে হয় পোলকানের কাছে। কিন্তু লেগে থাকার ধৈর্যটা পেয়েছেন মেসিকে ভালোবেসেই। পোলকান বলেছেন, “দুপুরের দিকে সে ফিরে আসার পর ধারেকাছেও ঘেঁষতে পারিনি। কিন্তু নিশ্চিত ছিলাম সে আমাকে দেখেছে। বিকেল সাড়ে ৩টার দিকে তার স্ত্রী বাসা থেকে বের হন। গাড়ির জানালা খুলে তিনি আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং জানান যে সন্তানদের আনতে যাচ্ছেন।”
একপর্যায়ে হতাশ হয়ে পড়লেও হাল ছাড়েননি পোলকান। শেষ পর্যন্ত আসে সেই মাহেন্দ্রক্ষণ। মেসির বাসায় ঢোকার পরের ঘটনার ব্যাখ্যায় পোলকান বলেন, “বাসায় ঢোকার পর প্রথমে চোখে পড়েছে যে দৃশ্যটি, মেসি শর্টস ও স্যান্ডাল পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে হ্যালোও বলেছে। অবিশ্বাস্য মুহূর্ত। তাকে বলেছি, কতটা ভালোবাসি। একসঙ্গে ছবি তুলেছি। আমার ফুটসাল ক্লাবের জার্সিতে তিনি অটোগ্রাফও দিয়েছেন। আমাকে বুকে টেনে নিয়েছেন এবং হাতের বাহুতে অটোগ্রাফও দিয়েছেন। তখন আমার হাত কাঁপছিল, এমন আগে কখনো অনুভব হয়নি। অটোগ্রাফটি হাতে ঠিকমতো দিতে মেসিই আমাকে শান্ত করেন।”
মেসির বাসা থেকে বের হয়ে আর্ক দে ত্রিয়োম্ফ-এর পথ ধরেন পোলকান। মেসির অটোগ্রাফ শরীরে চিরকালের জন্য রেখে দিতে ট্যাটু করানোর সিদ্ধান্ত নেন তিনি।
মেসির সঙ্গে দেখা করা নিয়ে পাঁচ দিন আগে নিজের ইনস্টগ্রাম অ্যাকাউন্টে একটি ছবিও পোস্ট করেন পোলকান। ক্যাপশনে লিখেছেন, “স্বপ্ন সত্যি হলো। আজ আমার সারা জীবনের স্বপ্নপূরণ হলো। ইতিহাসের সেরা হয়েও যে আন্তরিকতা ও সরলতার সঙ্গে আপনি আমাকে বরণ করে নিয়েছেন, সেটা শুধু অসাধারণ মানুষের কথাই বলে। আন্তোনেল্লাও আমাকে বাসায় নিয়ে এসে স্বপ্নপূরণের সুযোগ করে দিয়েছেন। এই কথাগুলো আমি লিখছি যখন চোখ ভিজে যাচ্ছে আবেগে। শরীর কাঁপছে। হে জাদুকর, আমি তোমাকে ভালোবাসি। অবিস্মরণীয় মুহূর্তের জন্য ধন্যবাদ।”
¡ESTO GENERA EL MEJOR DEL MUNDO! Este fanático viajó a París, estuvo 10 horas esperando en la puerta de la casa de Messi, logró entrar y cumplió el sueño de su vida.
— SportsCenter (@SC_ESPN) April 10, 2023
?: IG/ juanpolcan pic.twitter.com/SqzJz1hB1z
"Los sueños se cumplen y hoy cumplí el sueño de toda mi vida", escribió el fanático que, tras 10 horas de espera en la puerta de la casa de Lionel Messi en París, logró conocer al mejor jugador del mundo. pic.twitter.com/psHy8UIgHe
— SportsCenter (@SC_ESPN) April 10, 2023



