Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবলের ব্র্যান্ড পার্টনার হলো বিকাশ

এএফএ প্রেসিডেন্ট বলেন, বিশ্বকাপে বাংলাদেশিদের কাছ থেকে অভিনব সমর্থন পেয়েছে আর্জেন্টাইন জাতীয় দল। এশিয়ান দেশ থেকে বিকাশের মতো জনপ্রিয় কোম্পানিকে পেয়ে আমরা খুব খুশি

আপডেট : ০৯ মে ২০২৩, ০৯:৫৩ এএম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনা পুরো বিশ্বই দেখেছে। এই উন্মাদনায় মুগ্ধতা প্রকাশ করেছিল আর্জেন্টিনা। এ নিয়ে কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসিও কৃতজ্ঞতা জানিয়েছিলেন।

এবার বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়ালো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশের বৃহত্তম মোবাইল ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বিকাশ এখন তাদের আঞ্চলিক স্পন্সর। ব্র্যান্ড পার্টনার হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোনো কোম্পানি তাদের স্পন্সর হলো।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, “বাংলাদেশের কোম্পানি বিকাশের সাথে তারা প্রথম আঞ্চলিক স্পনসরশিপ চুক্তি উপস্থাপন করছে।” 

বিকাশ জানায়, “জয়ের তেষ্টা আর অদম্য চেষ্টার বিকাশ ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। প্রযুক্তি আর দক্ষতার শক্তিতে আমরাও বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছি আর্থিক লেনদেনের আধুনিক সব সেবা, জয় করেছি কোটি গ্রাহকের মন। দুই চ্যাম্পিয়ন আজ একসঙ্গে নতুন সম্ভাবনার পথে- সবসময়, সব প্রয়োজনে।”

এই চুক্তির মাধ্যমে আলবিসেলেস্তেরাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে বিকাশের গ্রাহক ও আর্জেন্টাইন ভক্তদের। মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো মহাতারকাদের দারুণ সব অভিজ্ঞতা শেয়ার করবে বিকাশ। তারকাদের সই করা জার্সি, আরও অনেক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হবেন তারা।

এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া বলেছেন, “বিশ্বকাপ জুড়ে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে অভিনব সমর্থন, শক্তি আর ভালোবাসা অনুভব করেছে আর্জেন্টাইন জাতীয় দল। এশিয়ান দেশ থেকে বিকাশের মতো জনপ্রিয় কোম্পানিকে পেয়ে আমরা খুব খুশি। ওই দেশ থেকে তারাই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রথম আঞ্চলিক স্পন্সর। বিকাশের মাধ্যমে এএফএ ও বাংলাদেশের সম্পর্কের নতুন মাইলফলক রচিত হলো।”

এদিকে জুনে বাংলাদেশ সফরে আসার জন্য আর্জেন্টিনার সঙ্গে আলোচনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মাঠ সংকটের কারণে শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে এসেছে বাফুফে। তবে জুনে এশিয়া সফরে আসছে বিশ্বকাপজয়ীরা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এশিয়া সফরে মেসিদের একটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও অন্যটি এখনো হয়নি। আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। তবে এর চার দিন আগে ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দেশ, সেটিই নিশ্চিত হয়নি।

   

About

Popular Links

x