সন্তান গর্ভে নিয়েই কোর্টে নেমে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন টেনিসের কিংবদন্তী সেরেনা উইলিয়ামস। খেলা থেকে অবসরের এক বছর পর নিজের ৪১ বছর বয়সে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন।
এ বছরের মে মাসে মেট গালার মঞ্চে সেরেনা জানিয়েছিলেন তার দ্বিতীয় সন্তান আসছে।
স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান ও প্রথম কন্যা অলিম্পিয়াকে নিয়ে সেরেনা তার দ্বিতীয় কন্যার নাম প্রকাশ্যে জানিয়েছেন।
২০১৭ সালে সেরেনা ও অ্যালেক্সিসের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। অলিম্পিয়ার জন্মের প্রায় ছয় বছর পর সেরেনা দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন।
সেরেনা ও তার স্বামী অ্যালেক্সিস দম্পতি দ্বিতীয় কন্যা সন্তানের নাম দিয়েছেন আদিরা রিভার ওহানিয়ান।
ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে সপরিবারের ছবি দিয়ে সেরেনা সদ্যোজাতের নাম জানিয়েছেন।
এদিকে টেনিস রানির দ্বিতীয় সন্তানের খবরে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।
বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় সেরেনা। বহু নারী খেলোয়াড়ের অনুপ্রেরণা তিনি। মেয়ের নামও রেখেছেন অর্থবহভাবে।
সেরেনা তার দ্বিতীয় মেয়ের নাম রেখেছেন এক হিব্রু নাম থেকে। “আদিরা”-র উচ্চারণ যদি ‘আহ-দির-আ’ বলা হয়, তার অর্থ দাঁড়ায় শক্তিশালী ও মহৎ।
সেরেনা নিজে যেমন শক্তিশালী, তেমনই মেয়ের নামের ক্ষেত্রেও তাতেই প্রাধান্য দিয়েছেন তিনি।
ইন্সটাগ্রামে সেরেনা ও অ্যালেক্সিসের প্রথম কন্যাসন্তান অলিম্পিয়ার একটি অ্যাকাউন্ট রয়েছে, বাবা-মায়ের মতো সেও সদ্যোজাত আদিরাকে কোলে নিয়ে এক মিষ্টি ছবি শেয়ার করেছে।



