আফ্রিকা কাপ অব নেশন্সের এবারের আসরের দুই ফাইনালিস্ট নাইজেরিয়া ও আইভরিকোস্টের বিপক্ষে চীনে খেলার কথা আর্জেন্টিনার। তবে, এর মাঝেই খবর পাওয়া গেল আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ বাতিল করে দিয়েছে চীন। এখন আর্জেন্টিনার চীন সফর নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।
আগামী জুনে শুরু হবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা শুরুর আগে প্রস্তুতিতে মনোযোগ দিয়েছে আলবিসেলেস্তারা। যে কারণে আগামী মার্চে লিওনেল মেসিদের চীনে দুটি প্রীতি ম্যাচ খেলার সূচি ছিল।
চীনে আর্জেন্টিনার ম্যাচ বাতিলের পেছনে মেসির না খেলা নিয়ে শঙ্কাকে কারণ হিসেবে দেখছেন অনেকে। ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ইএসপিএনও এমনটাই জানিয়েছে। কয়দিন আগে প্রাক মৌসুমে এশিয়া সফরের অংশ হিসেবে হংকংয়ে একটি প্রীতি ম্যাচ খেলে মেসির ক্লাব ইন্টার মিয়ামি। চোটের জন্য ম্যাচটিতে লিওনেল মেসি মাঠে নামতে পারেননি। আর্জেন্টিনা অধিনায়কের খেলা দেখার জন্যই মোটা অঙ্কের অর্থ খরচ করে টিকেট কিনেছিলেন হংকংয়ের ফুটবলপ্রেমীরা, গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।
তিন দিনের মাথায় ফুটবলের এই মহাতারকা জাপানে স্থানীয় দল ভিসেল কোবের বিপক্ষে খেলেন ম্যাচের শেষ ৩০ মিনিট। এতে দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। বিপাকে পড়েন আয়োজকরা। চোটের জন্য খেলতে না পারায় দুঃখ প্রকাশ করেন মিয়ামি অধিনায়ক মেসি ও তার ক্লাব। ম্যাচের আয়োজকরা টিকেটের দামের ৫০% ফিরিয়ে দেওয়ার কথা বলেন।
আগামী মাসে দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল চীনের হাংঝুতে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ম্যাচটি বাতিল করে দিয়েছে দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ। ওই ম্যাচের পর বেইজিংয়ে আইভোরিকোস্টের বিপক্ষেও খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। এ ম্যাচ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এক বিবৃতিতে হাংঝু স্পোর্টস ব্যুরো বলেছে, “একটি বাণিজ্যিক ইভেন্ট হিসেবে একটি কোম্পানি এবং আর্জেন্টিনা ফুটবল দল ঠিক করেছিল যে হাংঝুতে মার্চে একটি প্রীতি ম্যাচ খেলবে। কিন্তু কারণগুলো সবারই জানা এবং তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষের কাছ থেকে আমরাও জেনেছি, প্রীতি ম্যাচটি আয়োজনের মতো অবস্থায় নেই। যে কারণে আমরা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”



