ডোপিংয়ের অভিযোগে চার বছরের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়া উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন সিমোনা হালেপের সাজার মেয়াদ কমিয়ে নয় মাস করা হয়েছে। ফলে এখন টেনিস টুর্নামেন্টে ফিরতে আর কোনো বাধা রইল না তার।
২০২২ সালের ইউএস ওপেনে করা দুটি নমুনা পরীক্ষাতে হালেপের শরীরে নিষিদ্ধ উপাদান ‘‘রোক্সাডাস্টাট’’ পাওয়া যায়।
ওই ঘটনায় ২০২২ সালের অক্টোবরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এরপর তাকে চার বছরের জন্য নিষিদ্ধ হন তিনি।
ওই সময় মেয়েদের র্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিলেন রোমানিয়ার এই খেলোয়াড়। তবে শুরু থেকেই নিজেকে ‘‘নির্দোষ’’ দাবি করে আসছেন তিনি।
মঙ্গলবার ক্রীড়ার সর্বোচ্চ আদালতে হালেপের নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়, কমে দাঁড়ানো নয় মাসের শাস্তি এরই মধ্যে শেষ হয়ে গেছে।
শাস্তি কমার পর এক বিবৃতিতে স্বস্তি প্রকাশ করেছেন হালেপ। তিনি বলেন, “এই দীর্ঘ ও কঠিন প্রক্রিয়ায় পুরোটা সময়ে, আমার বিশ্বাস ছিল যে একদিন সত্য বেরিয়ে আসবে এবং সঠিক রায় হবে। কারণ আমি সবসময় একজন পরিচ্ছন্ন অ্যাথলেট ছিলাম। ট্যুরে (টুর্নামেন্টে) ফেরার জন্য আমার তর সইছে না।”
আগামী মে-জুনে অনুষ্ঠেয় ফরাসি ওপেন কিংবা এর পরের উইম্বলডনে ওয়াইল্ড কার্ড পেতে পারেন ৩২ বছর বয়সী সাবেক এই নাম্বার ওয়ান।



