Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌসুম শেষেই ওয়েস্ট হ্যাম ছাড়ছেন ময়েস

লন্ডন প্রতিদ্বন্দ্বী চেলসির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার মাত্র এক দিন পরেই ময়েসের ক্লাব ছাড়ার এ ঘোষণা এলো

আপডেট : ০৮ মে ২০২৪, ১১:৪৫ এএম

ওয়েস্ট হ্যামের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের অবসান ঘটাতে যাচ্ছেন কোচ ডেভিড ময়েস। এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সমঝোতার ভিত্তিতে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লন্ডন প্রতিদ্বন্দ্বী চেলসির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার মাত্র এক দিন পরেই ময়েসের ক্লাব ছাড়ার এ ঘোষণা এলো।

প্রিমিয়ার লিগের ক্লাবটি এ তথ্য নিশ্চিত করেছে।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘‘২০২৩/২৪ মৌসুমের পর ক্লাবের সাথে সমঝোতার ভিত্তিতে ডেভিড ময়েস ওয়েস্ট হ্যাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তার সাথে বর্তমান চুক্তির মেয়াদও শেষ হয়ে যাবে।’’

রিয়াল মাদ্রিদ, উল্ফস, ও স্পেনের সাবেক ম্যানেজার জুলেন লোপেতেগুই ময়েসের স্থলাভিষিক্ত হতে রাজি হয়েছেন বলে খবরে জানানো হয়েছে।

চেলসির বিপক্ষে পরাজয়টি ছিল এবারের আসরে টানা পঞ্চম এ্যাওয়ে পরাজয়। যেখানে ওয়েস্ট হ্যাম পাঁচ গোল হজম করেছে।

এর আগে, আরেক লন্ডন ক্লাব ক্রিস্টাল প্যালেস ৫-২ গোলে হ্যামার্সদের বিধ্বস্ত করেছে। টানা দুই এ্যাওয়ে ম্যাচে বড় এই পরাজয়ে ময়েসের ওপর চাপ আরও বেড়েছে। সমর্থকরাও ময়েসের সমালোচনায় মুখর হয়ে উঠেছিল। বিশেষ করে এবারের আসরে ময়েসের নেতিবাচক কৌশল সমর্থকরা কোনভাবেই মেনে নিতে পারেনি।

বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের নবম স্থানে রয়েছে ওয়েস্ট হ্যাম। শীর্ষ চারের থেকে ১৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

গত মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগে শিরোপা জিতেছিল ওয়েস্ট হ্যাম। ১৯৮০ সালে এফএ কাপের পর এটাই ক্লাবের প্রথম বড় কোন শিরোপা। কিন্তু গত মাসে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার লেভারকুসেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে। 

ক্লাবের ওয়েবসাইটে ময়েস বলেছেন, ‘‘ওয়েস্ট হ্যামে দুর্দান্ত সাড়ে চার বছর কাটিয়েছি। ২০১৯ সালে আমি যখন এখানে ফিরে আসি তখন ক্লাবের পজিশন মোটেই ভাল ছিল না। দ্বিতীয় মেয়াদে আমি এখানকার সময়টা বেশ উপভোগ করেছি। ক্লাব রেলিগেশন জোন থেকে এক ধাপ উপরে ছিল। সেখানে থেকে টানা তিন মৌসুমে ইউরোপে খেলেছে।’’

এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের ৬১ বছর বয়সী সাবেক এই স্কটিশ ম্যানেজার বলেন, ‘‘ওয়েস্ট হ্যামকে সেফটি জোনে নিয়ে আসার আমার প্রথম দায়িত্ব ছিল। এরপর টানা দুই মৌসুমে ষষ্ঠ ও সপ্তম স্থানে থেকে লিগ শেষ করে। গত জুনে প্রথমবারের মত আয়োজিত ইউরোপা কনফারেন্স লিগ জয়ের পর সবাই দারুণ খুশি হয়েছিল। ৪৩ বছরে এটাই ক্লাবের প্রথম বড় কোনো শিরোপা।’’

‘‘গত সাড়ে চার বছরে সব খেলোয়াড়দের তাদের সহযোগিতা ও সব ধরনের সাফল্যের জন্য ধন্যবাদ জানাতে চাই।’’

ওয়েস্ট হ্যামের চেয়ারম্যান ডেভিন সুলিভান ময়েসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘‘ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সকলের পক্ষ থেকে ডেভিডকে তার অবদানের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। ক্লাবের ইতিহাসে দুর্দান্ত অগ্রগতি ও সাফল্যের জন্য ডেভিডই সবদিক থেকে সহযোগিতা করেছে। তার কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি ও ক্লাবের প্রতি নিষ্ঠা সত্যিই অনুকরণীয়।’’

   

About

Popular Links

x