Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অটোগ্রাফ দিতে গিয়ে ভক্তের বোতলের আঘাতে আহত জকোভিচ

আঘাতের পর কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে থাকেন জকোভিচ। পরে তাকে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে সরিয়ে নেন

আপডেট : ১১ মে ২০২৪, ০৩:৫৯ পিএম

ইতালিয়ান ওপেনে ম্যাচ জয়ের পর সমর্থকদের অটোগ্রাফ দিচ্ছিলেন নোভাক জকোভিচ। এমন সময় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। ওপর থেকে পড়া একটি বোতলের আঘাতে আহত হয়েছেন সার্বিয়ান এ টেনিস তারকা।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, একজন ভক্তকে অটোগ্রাফ দিচ্ছিলেন জকোভিচ। এসময় আরেক ভক্ত অটোগ্রাফ চেয়ে নিচু হতেই তার ব্যাকপ্যাক থেকে দুর্ঘটনাবশত বোতল পড়ে জকোভিচের মাথায় আঘাত করে। এতে হতভম্ব হয়ে যান ওই ভক্ত।

আঘাতে বসে পড়েন জকোভিচ। কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে থাকেন তিনি। পরে তাকে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

আঘাতের পর চিকিৎসকরা জকোভিচের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। তার মাথায় রক্ত দেখলেও কোনো ধরনের সেলাই লাগেনি। তবে জকোভিচের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন বাতিল করা হয়।

দুর্ঘটনার আগে ফ্রান্সের কোরেন্টিন মোটেটের বিপক্ষে ৬-৩ ও ৬-১ গেমে জয় পান ক্যারিয়ারে ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ী জকোভিচ।

এদিকে, নিজের শারীরিক অবস্থার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জকোভিচ বলেছেন, “এটা একটা দুর্ঘটনা ছিল। আইসপ্যাক নিয়ে হোটেলে বিশ্রামের পর আমি এখন ভালো আছি। রবিবার সবার সঙ্গে দেখা হবে।”

রবিবার (১২ মে) পরের রাউন্ডের ম্যাচে জকোভিচের প্রতিপক্ষ আলেসান্দ্রো তাবিলো।

   

About

Popular Links

x