২০০০ সালে যাত্রা শুরুর পর ২০০৫ সাল থেকে প্রতি বছর ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজন করে এলেও ২০২৫ আসর থেকে এই আয়োজন সত্যিকার অর্থে বৈশ্বিক রূপ পেতে যাচ্ছে। নতুন আঙ্গিকের ৩২ দলের এই লড়াইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে, আর তাতে দেখা গেছে চমকপ্রদ কিছু লড়াইয়ের আভাস।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ের আগে বিশ্বকাপের নতুন ট্রফি উন্মাচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।
অনুষ্ঠানের শুরুতে শুভকামনা জানিয়ে বার্তা দেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রেকর্ড করা শুভেচ্ছাবার্তায় ট্রাম্প বলেন, “এটি অবিশ্বাস্য এক আসর হতে চলেছে।… শুধু এটুকু বলতে চাই যে, অসাধারণ একজন আপনাদের নেতৃত্ব দিচ্ছেন, যার নাম জিয়ান্নি।”
ট্রাম্প আরও বলেন, “আমি তাকে জিয়ান্নি হিসেবেই জানি, তিনি একজন বিজয়ী। পরস্পরকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তার সঙ্গে সম্পর্ক থাকায় আমি গর্বিত, কারণ ফুটবল খেলাটি ক্রমেই নতুন উচ্চতা স্পর্শ করছে।… যুক্তরাষ্ট্রেও এটি ছড়িয়ে পড়ছে।”
এ পর্যন্ত ৬ দল নিয়ে সংক্ষিপ্ত পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করে এলেও এবারই প্রথম সব মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে ৩২ দলের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। তবে বরাবরের মতো এবারও এই আসরে রয়েছে ইউরোপীয় ক্লাবগুলোর দাপট।
নতুন ফরমেটের ড্রয়ে একই গ্রুপে পড়েছে ম্যানচেস্টার সিটি ও ইউভেন্তুস। এছাড়া প্যারিস সেন্ত জার্মেইকে লড়তে হবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
এছাড়া শক্তির বিচারে ব্যবধান থাকলেও দর্শকের মনোযোগ টানবে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। ইউরোপসেরা রিয়াল মাদ্রিদের সঙ্গে একই গ্রুপে পড়া আল হিলালেরও অবশ্য শক্তির কমতি নেই। ব্রাজিলীয় তারকা নেইমারের পাশাপাশি দলটিতে রয়েছে আলেকসান্দার মিত্রভিচ, জোইয়াও কান্সেলো, রুবেন নেভেস, রেনান লোদি, মালকম, কালিদু কুলিবালি, সের্গেই মিলেঙ্কোভিচ-সাভিচ ও গোলরক্ষক ইয়াসিন বোনোর মতো ইউরোপের মঞ্চে পারফরম্যান্স দিয়ে নজর কাড়া ফুটবলাররা। ফলে লড়াইটি যে দেখার মতো হবে, তা বলার অপেক্ষা রাখে না।
এছাড়া এই ম্যাচে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড় ভিনিসিউস-রদ্রিগো-এন্দ্রিকদের মুখোমুখি হতে পারেন বার্সেলোনার জার্সিতে একসময় রিয়ালকে ভোগানো নেইমার। ম্যাচটিতে আলাদা করে উত্তেজনা ছড়াবে এই দ্বৈরথ। অবশ্য রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমার খেলতে পারবেন কিনা, তা নির্ভর করছে তা ফিট থাকার ওপর। আল হিলালে নাম লেখানোর পর থেকেই চোটে জেরবার এই তারকা ফুটবলার।
এছাড়া আয়োজক দেশের কোটায় যুক্তরাষ্ট্র থেকে একমাত্র দল হিসেবে ক্লাব বিশ্বকাপে জায়গা পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে দলটি। মেজর লিগ সকারের মূল আসর এমএলএস কাপের প্রথম রাউন্ড উতরাতে ব্যর্থ হলেও ইস্টার্ন কনফারেন্সে ৭৪ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়ে সাপোর্টার্স শিল্ড জিতেছে তারা।
মেসির ইন্টার মায়ামির গ্রুপ প্রতিপক্ষ ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও মিসরের আল আহলি।
এক নজরে গ্রুপ পর্বের ড্র
গ্রুপ এ: পালমেইরাস (ব্রাজিল), পোর্তো (পর্তুগাল), আল আহলি (মিসর), ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র)।
গ্রুপ বি: পিএসজি (ফ্রান্স), আতলেতিকো মাদ্রিদ (স্পেন), বোতাফোগো (ব্রাজিল), সিয়াটল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র)।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ (জার্মানি), অকল্যান্ড সিটি (নিউজিল্যান্ড), বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা), বেনফিকা (পর্তুগাল)।
গ্রুপ ডি: ফ্লামেঙ্গো (ব্রাজিল), ইএস তিউনিস (তিউনিসিয়া), চেলসি (ইংল্যান্ড), লিওন (মেক্সিকো)।
গ্রুপ ই: রিভার প্লেট (আর্জেন্টিনা), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান), মন্তেরেই (মেক্সিকো)।
গ্রুপ এফ: ফ্লুমিনেন্সে (ব্রাজিল), বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি), উলসান এইচডি (দক্ষিণ কোরিয়া), মামেলোদি সানডাউন্স (দক্ষিণ আফ্রিকা)।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), ওয়াইদাদ এসি (মরক্কো), আল আইন (সংযুক্ত আরব আমিরাত), ইউভেন্তুস (ইতালি)।
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ (স্পেন), আল-হিলাল (সৌদি আরব), পাচুকা (মেক্সিকো), রেড বুল জালসবুর্গ (অস্ট্রিয়া)।



