Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাজিল কোচ হিসিবে কত পাবেন আনচেলত্তি? প্রাইভেট জেটসহ আরও যা থাকছে

সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসেই কোচ হিসেবে দায়িত্ব নেবেন আনচেলত্তি

আপডেট : ১৩ মে ২০২৫, ০৫:১৮ পিএম

সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের ঘোর যেন এখনও কাটছে না। ব্রাজিলের এমন বিদায়ের পরই গুঞ্জন শুরু হয় যে কোচ হিসেবে আসতে পারেন কার্লো আনচেলত্তি। অতঃপর নানা নাটকীয়তার পর অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ব্রাজিল ফুটবল দলের নতুন কোচ তিনিই। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর।

কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে অসামান্য সব অর্জন এনে দিয়েছে আনচেলত্তি। তার হাত ধরেই ব্রাজিল দুই দশকের বেশি সময় ধরে বিশ্বকাপ না জেতার আক্ষেপ ঘোচাতে চায়।

ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আর এই ম্যাচগুলোতে কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। ব্রাজিলের কোচ হিসেবে নির্ধারিত বেতনের পাশাপাশি আরও বেশ কিছু সুযোগ-সুবিধাও পাবেন আনচেলত্তি। খবর আমেরিকান খেলাধুলাবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের।

১৪ মাসের জন্য ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বেতন হিসেবে মাসে প্রায় ৭ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা) করে দেবে। এ হিসেবে তার বাৎসরিক বেতন দাঁড়াবে প্রায় ১০২ কোটি টাকা।

শুধু বেতনই শেষ নয়, পারফরম্যান্সের ভিত্তিতেও বোনাসও পাবেন তিনি। ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ জেতা সাপেক্ষে বেতনের পাশাপাশি বাড়তি প্রায় ৫৫ লাখ ডলার (প্রায় ৬৬ কোটি টাকা) বোনাস পাবেন অভিজ্ঞ এই কোচ।

বেতন ও বোনাসের বাইরে আনচেলত্তিকে আরও সুবিধা দেওয়া ঘোষণা দিয়েছে সিবিএফ। ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আনচেলত্তি চলে আসবেন রিও ডি জেনিরোয়। সেখানে তাকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এবং এই অ্যাপার্টমেন্টের পুরো টাকাও পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃপক্ষ।

আনচেলত্তি রিওতে থাকলেও তার পরিবার ও বন্ধুরা সবাই থাকবেন ইউরোপে। তাই এই দূরত্ব ঘোচানোর জন্য আনচেলত্তিকে আরও একটি বিশেষ সুবিধা দেওয়া হবে। সিবিএফের কাছ থেকে আনচেলত্তি পাবেন বিদেশ ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি সিবিএফের অর্থায়নে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমারও সুবিধা পাবেন। এছাড়াও থাকবে জীবন বিমার সুবিধা।

ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আনচেলত্তি আগামী মঙ্গলবার বিস্তারারিত কথা বলবেন বলে জানা গেছে। মায়োর্কার বিপক্ষে লিগ ম্যাচের আগে এই সাক্ষাৎকার দেবেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব বুঝে নিতে ২৬ মে আনচেলত্তি ব্রাজিলে যাবেন। দায়িত্ব নেওয়ার পরপরই পেরু এবং ইকুয়েডর ম্যাচের জন্য বিশ্বকাপ বাছাইয়ের দলও ঘোষণা করবেন তিনি।

   

About

Popular Links

x