ক্লাব বিশ্বকাপের শিরোপার লড়াই শেষের দিকে। ৩২ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট নানা নাটকীয়তা শেষে এখন নেমে এসেছে চার দলে। অর্থাৎ পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি ও ফ্লুমিনেন্সের মধ্যে যেকোনো এক দলের হাতে উঠতে যাচ্ছে শিরোপা।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স ও চেলসি। এবারের ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সসহ ব্রাজিলের চারটি ক্লাব সুযোগ পেয়েছিল। গ্রুপ পর্বে চমক দেখিয়ে চারটি দলই উঠে গিয়েছিল শেষ ষোলোয়। সেই চার দল থেকে ফ্লুমিনেন্স ও পালমেইরাস জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। শেষ পর্যন্ত ব্রাজিলের একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে রয়েছে ফ্লুমিনেন্স।
অন্যদিকে প্রতিযোগিতায় ইউরোপীয় দলগুলোর শুরুটা ছিল বেশ নড়বড়ে। শুরুতে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর চেয়ে খানিকটা পিছিয়েও ছিল তারা। তবে শেষ ষোলো থেকে ঠিকই নিজেদের চেনা রূপে ফিরতে শুরু করে ইউরোপিয়ানরা। এখন তো সেমিফাইনালে জায়গা পাওয়া চার দলের তিনটিই ইউরোপের।
আগামী বুধবার (৯ জুলাই) রাতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপীয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও উয়েফা চ্যাম্পিয়ন পিএসজি।



