Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

তাসনিম আফরোজ-মেঘমল্লারের নেতৃত্বে ডাকসুতে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল

প্রার্থীদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করা হয়েছে

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম

শেখ তাসনিম আফরোজকে (ইমি) সহ-সভাপতি (ভিপি) ও মেঘমল্লার বসুকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘‘প্রতিরোধ পর্ষদ’’ প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন জাবির আহমেদ জুবেল। গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে এই প্যানেল গঠিত হয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলোর বাইরেও অনেক শিক্ষার্থী এই প্যানেলে প্রার্থী হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রার্থীদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করা হয়েছে। বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল এই প্যানেল ঘোষণা করেন।

এই প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোজাম্মেল হক, কমনরুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নূজিয়া হাসিন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে আকাশ আলী, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা, ছাত্র পরিবহন সম্পাদক পদে নিনাদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে নাঈম উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফারিয়া মতিন, ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুম, সমাজসেবা সম্পাদক পদে আবু মুজাহিদ আকাশ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে শেখ তাসনিভা সৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ফাতিন ইশরাক, গবেষণা ও প্রকাশনা পদে আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়াও মো. তাফসিরুল্লাহ, রাজেকুজ্জামান জুয়েল, ওয়াকার রহমান সৌরভ, মোহাম্মদ মুস্তাকিম, মিশকাতুল মাশিয়াত, আতিকা আনজুম, পৃথিং মারমা, ইসরাত জাহান ইমু, আনিয়া ফাহমিন, রাহনুমা আহমেদ, সাজিদ উল ইসলাম ও হেমা চাকমাকে সদস্যপদে মনোনয়ন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী মেঘমল্লার বসু বলেন, ‘‘নারী, পুরুষ, আদিবাসী, বাঙালি মিলিয়ে আমাদের প্যানেল করেছি। যারা সবাই বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করেন। পাশাপাশি তারা সবাই নিজ নিজ কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন সময়ে ক্যাম্পাসের পরিচিত মুখ। আশা করি, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেল ব্যাপকভাবে জয়লাভ করবে।’’

   

About

Popular Links

x