সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যাবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে তার গুলশানের বাসায় যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামীকাল রবিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এর আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।
বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করবেন। এই দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানেরও যোগ দেওয়ার কথা রয়েছে।
পরে সন্ধ্যায় দার ও খান উভয়েই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, পাকিস্তানে মন্ত্রিপর্যায়ের সর্বশেষ সফর হয়েছিল ২০১২ সালের নভেম্বরে। সে সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন।
গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন গতি পেয়েছে। ইতোমধ্যে দুই দেশ সরাসরি মালবাহী জাহাজ পরিবহন সেবা চালু করেছে। ভিসা ও বাণিজ্য ব্যবস্থা সহজ করেছে এবং সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতিও নিচ্ছে।
কর্মকর্তারা জানান, পাকিস্তানি বিমান সংস্থা ‘ফ্লাই জিন্নাহ’ ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। একইসঙ্গে আরেকটি বিমান সংস্থা ‘এয়ার সিয়াল’ও এই রুটে যাত্রী পরিবহনের অনুমোদনের জন্য আবেদন করেছে।



