Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান রিটার্নিং অফিসার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারি চাকরি ছাড়ার পর নির্ধারিত তিন বছর সময় পার না হওয়ায় আইন অনুযায়ী তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের পর তিন বছর অতিবাহিত না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের যোগ্য হবেন না।

রিটার্নিং অফিসার জানান, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দেন এবং গত ডিসেম্বরে চাকরি ছাড়েন। পদত্যাগের পর তিন বছর পার না হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে বুধবার তাকে নথিপত্র জমা দেওয়ার সময় দেওয়া হলেও পর্যালোচনায় তা আইনসম্মত বলে বিবেচিত হয়নি।

মনোনয়নপত্র বাতিলের পর মনিরা শারমিন জানান, তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন। 

তার আইনজীবী নাজমুস সাকিব বলেন, “আগামী রোববার আমরা প্রার্থিতা ফিরে পেতে আপিল করব। আমরা সব দিক বুঝেশুনেই নির্বাচনে অংশ নিয়েছি এবং আশা করি প্রার্থিতা ফিরে পাব।”

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটে জামায়াত জোটের পক্ষ থেকে মোট ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বুধবারের বাছাইয়ে ১২ জনের মনোনয়ন বৈধ হলেও মনিরার বিষয়টি স্থগিত রাখা হয়েছিল। আজকের সিদ্ধান্তে সেটি বাতিল হয়ে গেল।

   

About

Popular Links

x