রাজধানীর গুলশানে মাঝরাতে নিজের গাড়িতে হামলার ও ভাঙচুরের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি।
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এই অভিযোগ করেন তিনি।
ঘটনাটিকে অত্যন্ত ‘পরিকল্পিত’ উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। ঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে গুলশান এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়।
ফেসবুক লাইভে এসে পরীমণি দাবি করেন, গুলশানে তার চলন্ত গাড়িতে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পরপরই তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপত্তা দিয়ে উদ্ধার করে। তবে লাইভেই এই আকস্মিক ঘটনার জন্য উপস্থিত সাংবাদিকদের দিকে আঙুল তোলেন তিনি।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরীমণির গাড়িটি নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। তবে গাড়িটিতে ভাঙচুরের কোনো আলামত পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাংবাদিকেরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু করলে অশালীন অঙ্গভঙ্গি করেন।
উভয়পক্ষের উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর প্রহরায় ঘটনাস্থল ত্যাগ করেন এই চিত্রনায়িকা। এ ঘটনায় গুলশান এলাকায় কিছু সময় ধরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।



