রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ সড়কের বিভাজকে ৬৫০টি ফুলের গাছ লাগিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (১৯মে) বিকেলে ডিএসসিসি জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রঙ্গন, কামিনী, বাগান বিলাস, চন্দ্রপ্রভা (টেকোমা) ও কাঞ্চন ফুলে সাত মসজিদ সড়কের বিভাজককে সাজিয়ে তুলতে ১৮ মে রাত থেকে এসব ফুলের গাছ লাগানো শুরু হয়েছে। প্রতিটি গাছের মধ্যে চার থেকে পাঁচ ফুট দূরত্ব রেখে সাতমসজিদ সড়কের মোট ১.৭ কিলোমিটার দৈর্ঘ্যের বিভাজকের মধ্যে ইতোমধ্যে ৮০০ মিটার অংশে প্রায় ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে।”
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির অবকাঠামো উন্নয়ন (মেগা) প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খায়রুল বাকের। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকল্প পরিচালক বলেন, “সাতমসজিদ সড়কের বিভাজকে আমরা ফুলের গাছ লাগানো শুরু করেছি। পুরো বিভাজকে প্রায় ১ হাজার ৫০০ গাছ লাগানো হবে। আশা করি, আগামী দুই দিনের মধ্যে সড়ক বিভাজককে ফুল গাছে সজ্জিত করার কার্যক্রম সম্পন্ন হবে।”
সাতমসজিদ সড়ক বিভাজকের ১ হাজার ৭০০ মিটার জায়গায় ফুলের গাছ লাগানো এবং সেজন্য প্রয়োজনীয় বালু, মাটি, গোবর ও সার কেনায় মোট ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে বলে জানিয়েছে ডিএসসিসি।



