এই গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় তৃষ্ণায় কাতর থাকে সবাই। এ সময় অনেকে বিভিন্ন ফলমূলের শরবত খেতে পছন্দ করেন। ইফতারে আমের শরবত খাওয়া যেতে পারে। এতে প্রতিদিনের একঘেঁয়েমি স্বাদ পরিবর্তিত হবে। এ ছাড়া এই শরবত একদিকে যেমন শরীর ঠাণ্ডা করবে, তেমনি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী।
কাঁচা আমের শরবত খাওয়ার উপকারিতাগুলো হলো-
- তীব্র গরমে ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করার জন্য কাঁচা আম খুবই কার্যকর। এটি সান স্ট্রোকের ঝুঁকি কমায়।
- গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায়। কাঁচা আমের জুস শরীরের এই ঘাটতি দূর করে। যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি ক্যালরি খরচ করতে চান, তাদের জন্য আদর্শ ফল কাঁচা আম।
- কাঁচা আমে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, যা হৃদরোগের ঝুঁকি কমায়।
- খাদ্য হজমে সহায়তা করে কাঁচা আম। এটি অন্ত্রকে পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়।
- কাঁচা আমে লুটেইন ও জিয়াজ্যান্থিন থাকে। নিয়মিত এটি খাওয়ার ফলে চোখে রেটিনার স্বাস্থ্যকর রক্ষায় দুটি অ্যান্টি-অক্সিডেন্ট বেশ উপযোগী। এ ছাড়া এতে বিদ্যমান ভিটামিন ‘এ’ চোখের স্বাস্থ্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ভিটামিন ‘সি’, ভিটামিন ‘ই’ ও একাধিক অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে কাঁচা আমে। শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বৃদ্ধি ও শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এসব উপাদান বিশেষ ভূমিকা পালন করে।



