ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার শাহজাহান আহমেদ।
তিনি জানান, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় মুক্তি পান মো. রাসেল।
জেল সুপার বলেন, “মো. রাসেল একাধিক মামলায় এ কারাগারে বন্দী ছিলেন। তার সব মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।”
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে ইভ্যালির তৎকালীন সিইও মো. রাসেল ও তৎকালীন চেয়ারম্যান শামীমা নাসরিনকে (রাসেলের স্ত্রী) গ্রেপ্তার করা হয়। পরে তার স্ত্রী জামিনে মুক্তি পান।



