রোজা নিয়ে নানান বিষয় প্রচলতি আছে মানুষের মাঝে। আছে কিছু ভুল ধারণা। কৌতুহলী মানুষের মনে দানা বেঁধে আছে প্রশ্ন।
তেমনই একটি প্রচলিত ধারণা হলো, রোজা রেখে কিছুতেই ওষুধ সেবন করা যাবে না।
যদিও এর আগে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) আন্তর্জাতিক গ্লুকোমা সমিতির সঙ্গে যৌথ একটি বিবৃতি দিয়ে বলেছে- রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যাবে। যেমন, চোখের ড্রপ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, “যে ওষুধ পেটে যায়, মানে ক্ষুধা কমায়, সেগুলো নিষেধ। কিন্তু নাকে বা চোখে কোনো ড্রপ দিলে, তাতে কোনো সমস্যা নাই।”
যেসব ওষুধ গিলে খেতে হবে, সেগুলো ইফতারের পরে বা সেহরির আগে খাওয়ার পরামর্শ দেন তিনি।
তবে পেনিসিলিন, ইনজেকশন, ইনসুলিন অথবা টিকা দেওয়া যাবে কি-না জানতে চাইলে অধ্যাপক শামছুল বলেন, “ইনসুলিন ইফতারের আগ মুহূর্তে নিতে হবে। তবে ইমার্জেন্সি হলে সব বৈধ।”
“মৃত্যুর আশঙ্কা থাকলে, স্বাস্থ্যের অবনতির আশঙ্কা থাকলে ইসলামে সব বৈধ,” বলেন তিনি।



