Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘তাওহিদি জনতা’র বাধায় শো-রুম উদ্বোধন করা হলো না মেহজাবীনের

‘আগের দিন একজন আলেম ওই শো-রুমটি উদ্বোধন করেন। এরপর মেহজাবীনকে দিয়ে পুনরায় উদ্বোধনের পরিকল্পনা করে মালিক কর্তৃপক্ষ’

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৪৫ এএম

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। কিন্তু “ব্যবসায়ী ও তাওহীদি জনতার” ব্যানারে একদল মানুষের বাধায় তিনি আর উদ্বোধন অনুষ্ঠানে যাননি।

শনিবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে “খুকি লাইফস্টাইল” নামে একটি শো-রুমের উদ্বোধনের কথা ছিল তার।

এর আগে গত ২৯ অক্টোবর শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন চট্টগ্রামের মেয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার এই ঘোষণার পর থেকে শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধের ঘোষণা দেওয়া হয় “রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার” ব্যানারে।

জানা গেছে, পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় ওই শো-রুমটি উদ্বোধন করতে যাননি মেহজাবীন চৌধুরী।

স্থানীয় কয়েকজন জানান, মেহজাবীন মূলত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। সে জন্য মেহজাবীন অনুষ্ঠানে আসেননি।

এ বিষয়ে খুকি লাইফ স্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, “ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি। ওনাকে ছাড়াই উদ্বোধন হয়েছে। এখন আর কিছু বলতে পারছি না।”

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, “আগের দিন একজন আলেম ওই শো-রুমটি উদ্বোধন করেন। এরপর মেহজাবীনকে দিয়ে পুনরায় কেক কেটে শো-রুমটি উদ্বোধনের পরিকল্পনা করেছিল মালিক কর্তৃপক্ষ। কিন্তু বিষয়টি মানতে পারেননি স্থানীয়রা। তারা বলেছেন, যে দোকান একজন আলেমকে দিয়ে উদ্বোধন করা হয়েছে সেটি আবার একজন অভিনেত্রীকে দিয়ে কেন করা হবে। তারা এটিকে ওই আলেমের প্রতি অসম্মান হিসেবে দেখে প্রতিরোধের ঘোষণা দেন। বিষয়টি জেনেই মেহজাবীন নিজ থেকে শো-রুম উদ্বোধনে আসেননি।”

   

About

Popular Links

x