Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্পের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন জেলেনস্কি, হয়নি চুক্তি

সংবাদমাধ্যমের সামনেই বাগ্‌বিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১১:৫২ এএম

হোয়াইট হাউজের ওভাল অফিসের বৈঠকে সংবাদমাধ্যমের সামনেই বাগ্‌বিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জেরে জেলেনস্কিকে হোয়াইট হাউজ থেকে চলে যেতে বলা হয় এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

ডোনাল্ড ট্রাম্প কথা কাটাকাটির সময় জেলেনস্কিকে কৃতজ্ঞ হওয়ার জন্য বলেন এবং একইসঙ্গে তিনি (জেলেনস্কি) “তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন” বলে অভিযোগ করেন।

তবে জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপস করবেন না।

গত ৩ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েক শ কোটি ডলারের অস্ত্র ও অর্থসহায়তা পেয়েছে ইউক্রেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে পাল্টে গেছে দৃশ্যপট। জেলেনস্কির সমালোচনা করছেন ট্রাম্প। যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করে আসছিলেন তিনি।

বৈঠকে জেলেনস্কিকে একের পর আক্রমণ করে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “আপনার দেশের মানুষ খুবই সাহসী; কিন্ত আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে।”

“জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন” উল্লেখ করে ট্রাম্প বলেন, “ক্রমশ সেনার সংখ্যা কমছে। আপনার হাতে কোনো বিকল্প নেই। একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন। কিন্ত আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না।”

ট্রাম্প জেলেনস্কিকে বলেন, “যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে। এ ছাড়া আপনি কোনো চুক্তি করতে পারবেন না। তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় আপনাকে (জেলেনস্কি) কিছু ছাড় দিতে হবে। কিন্তু আশা করি, বড় কোনো ছাড় দিতে হবে না, যেমনটা লোকে বলে বেড়াচ্ছে।”

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে জেলেনস্কি বলেন, “একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয়।” পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি। একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।

এরপর জেলেনস্কির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও। মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন মন্তব্য করে ভ্যান্স বলেন, “আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না।”

এ সময় মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প। তখন গলার স্বর উঁচু করে জেলেনস্কি উত্তর দেন, “বহুবার বলেছি, আমেরিকার জনগণকে ধন্যবাদ।”

   

About

Popular Links

x