টিকটক ভিডিও করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আব্দুল কাইয়ুম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার বাসিন্দা ছিলেন।
বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও তিন যুবক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় ছাদে চারজন যুবক টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় ডিশ লাইনের তারে লেগে চারজনই ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে একজন মারা যান। তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।



