Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৃত্যুর আগের দিন গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গেছেন পোপ ফ্রান্সিস

সোমবার ভ্যাটিকান এক ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর জানায়

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পিএম

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) ভ্যাটিকানের একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

এদিকে মারা যাওয়ার একদিন আগে (২০ এপ্রিল) ইস্টার সানডের এক বার্তায় পোপ ফ্রান্সিস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন। খবর মধ্যপ্রাচ্য ভিত্তিক স্যাটেলাইট সংবাদমাধ্যম আল জাজিরার।

পোপ সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান ব্যালকনিতে উপস্থিত হয়ে সংক্ষিপ্তভাবে এই বার্তা দেন। চিকিৎসকের পরামর্শে কাজের চাপ কমিয়ে আনা পোপ এবার ভ্যাটিকানের ইস্টার ম্যাসে সভাপতিত্ব না করলেও অনুষ্ঠানের শেষে উরবি এট অরবি’ (শহর ও বিশ্বের জন্য) নামে আশীর্বাদ ও বার্তা দেন। 

ইস্টার বার্তায় পোপ বলেন, গাজার পরিস্থিতি নাটকীয় ও নিন্দনীয়। তিনি হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান এবং বিশ্বব্যাপী ইহুদিবিদ্বেষের উদ্বেগজনক প্রবণতার নিন্দা জানান।

পোপ ফ্রান্সিস বলেন, “আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি; যুদ্ধবিরতি ঘোষণা করুন, জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন।”

উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এ বছরের ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায়। ভ্যাটিকান জানায়, শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ।

পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর জানিয়ে ভ্যাটিকান এক ভিডিও বার্তায় জানায়, ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে মারা যান তিনি।

ইস্টারের আগের দিন রবিবার পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেন। ইতালি সফররত ভ্যান্সের সঙ্গে এই বৈঠক কয়েক মিনিট স্থায়ী হয় বলে ভ্যাটিকান জানায়। ইস্টার শুভেচ্ছা বিনিময়ই ছিল এ সাক্ষাতের মূল উদ্দেশ্য।

গত সপ্তাহে হামাস ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ শেষের বিনিময়ে জিম্মিদের মুক্তির দাবি জানায়। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি হামাসের ওপর চাপ বাড়াতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

   

About

Popular Links

x