সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীরা এক হেলপারকে মারধর করেছেন এমন অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করছেন পরিবহন শ্রমিকরা। তারা তিন দফা দাবি জানিয়েছেন।
শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ওপর হামলার বিচার, কারাগারে থাকা শ্রমিকের মুক্তি।
সোমবার (৪ আগস্ট) সুনামগঞ্জ থেকে কোনো বাস সিলেট, ঢাকাসহ দেশের অন্য কোথাও ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এদিকে, সকাল থেকে সিএনজি অটোরিকশা চালকরাও ধর্মঘটে যোগ দেন। কেউ কেউ সিএনজি অটোরিকশা চালানোর চেষ্টা করলে তাতে বাধা দেন শ্রমিকরা।
এর আগে, রবিবার (৩ আগস্ট) বিকেলে বাসভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির জেরে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে তারা ধর্মঘটের ডাক দেন। সন্ধ্যার পর সুনামগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, রবিবার সকালে শান্তিগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে বাস থেকে নামার সময় শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে বাসের হেলপারের বাগবিতণ্ডা হয়। এ সময় বাসের হেলপার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন পরিবহন শ্রমিকরা।
পরে বিষয়টি জানাজানি হলে বিকেল ৪টা থেকে শহরের নতুন বাস স্টেশনের সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এর ফলে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা। শত শত যানবাহন আটকা পড়ে। বিকেলে শ্রমিকরা পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করলেও ধর্মঘটের ডাক দেন।
সুবিপ্রবি’র রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের শিক্ষার্থী জয় ও আরিফসহ কয়েকজন শিক্ষার্থী সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ যাওয়ার সময় অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে হেলপারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই হেলপার এক শিক্ষার্থীকে ধাক্কা দেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে ঝামেলা বাধে।”
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এর আগেও ঝগড়া-বিবাদ করেছেন। রবিবার সকালে তারা এক শ্রমিককে মারধর করেছেন। ক্ষুব্ধ শ্রমিকরা এই ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন। তিন দফা দাবিতে শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। ফলে সুনামগঞ্জ থেকে সব বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে জেলায় সিএনজিচালিত অটোরিকশাও চলবে না।”
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, “সোমবার শ্রমিক ও বাস মালিক সমিতির সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা রয়েছে। সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।”