সুনামগঞ্জে শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট ১৬ ঘণ্টা পর তিন দফা দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক্ (এডিসি) সমর কুমার পালের সভাপতিত্বে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দর উপস্থিতিতে সভায় শ্রমিকদের তিন দফা দাবি মানার আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
এসময় কর্তৃপক্ষের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সুজাউল কবির।
এদিকে, প্রায় ১৬ ঘণ্টাব্যাপি চলা পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে রবিবার রাত থেকে আজ বেলা ১২টা পর্যন্ত চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। সময় মতো গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
এর আগে, রবিবার সকালে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির সময় হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এই ঘটনায় বাসের সহকারীকে মারধর ও একটি বাস ভাংচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।