বিএএসএ: উপদেষ্টাদের নিয়ে সাবেক সচিব আবদুস সাত্তারের বক্তব্য একান্তই নিজস্ব

আটজন উপদেষ্টাকে নিয়ে সাবেক সচিব এ.বি.এম. আবদুস সাত্তারের মন্তব্য একান্তই নিজস্ব বলে জানিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বিএএসএ)।

রবিবার (১০ আগস্ট) বিএএসএর মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও সভাপতি মো. নজরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত ‘‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’’ শীর্ষক সেমিনারে উপদেষ্টাদের নিয়ে বক্তব্যের বিষয়টি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব জনাব এ.বি.এম. আবদুস সাত্তারের বক্তব্যের একপর্যায়ে উপদেষ্টাদের নিয়ে মন্তব্যটি একান্তই নিজস্ব। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এ বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না।

এতে আরও বলা হয়, বিএএসএ দৃঢ়ভাবে বিশ্বাস করে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান অন্তবর্তী সরকারের উপদেষ্টারা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিএএসএর সদস্যরা পূর্ণ আস্থার সঙ্গে অন্তবর্তী সরকারের সব কার্যক্রম বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।