এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৬১৫ অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের ২১ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরে এসেছে।
সোমবার (১১ আগস্ট) নির্ধারিত সময় দুপুর ২টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি। তবে যান্ত্রিক ত্রুটির কারণে দুপুর ২টা ৫৫ মিনিটে আবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, বিজি ৬১৫ ফ্লাইটটি উড্ডয়নের পর কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়। এরপর বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলে ২১ মিনিট পর ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসে।
তিনি বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। পরবর্তী ফ্লাইটে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হবে।”
এর আগে, রবিবার (১০ আগস্ট) যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী বিজি ৩৫৬ ফ্লাইট বাতিল করা হয়। ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় ২৬২ যাত্রী নিয়ে রোমে আটকা পড়েছে বিমানের ড্রিমলাইনারটি।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।