মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় দিনাজপুরে মা ও শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীও আহত হয়েছেন।
শুক্রবার (আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে বিরামপুর পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনার ঘটে।
নিহতরা হলেন বিরামপুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও তার ছেলে রিশাত কাইফ (১৮মাস)। এ ঘটনায় গোলাম রব্বানী নিজেও আহত হয়েছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলার ধানঘরা এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন গোলাম রব্বানী। বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকলেটিতে ধাক্কা লাগে। এতে কোহিনুর ও তার কোলে থাকা ছেলে সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই স্ত্রী কোহিনুর বেগম ও ছেলে কাইফের মৃত্যু হয়। এ ঘটনায় গোলাম রব্বানী আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।