Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জের নদীতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

মেঘনা নদীতে গোসলে নেমে ডুবে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন এখনও নিখোঁজ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ তিন স্কুলশিক্ষার্থীদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বাটি বন্দর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এখনও উদ্ধার অভিযান চলছে।

মারা যাওয়া দুজন হলেন—মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫)। নিখোঁজ রয়েছেন একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরিফিন ও আশিকিন। এছাড়া, আবির একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ও ফারিস ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। পরে চার বন্ধু মিলে দুপুর সাড়ে ১২টার দিকে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণ পর আরিফিন, আশিকিন ও আবির পানিতে তলিয়ে যায়। তবে তাদের সঙ্গে থাকা ফারিস আহমেদ পানি থেকে উঠে আসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ গিয়ে তোদের উদ্ধারে অভিযান শুরু করে। পরে সাড়ে ৩টার দিকে আরিফিন ও আশিকিনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ একজনকে উদ্ধার করতে ডুবুরি টিম অভিযান চালিয়ে যাচ্ছে।”

   

About

Popular Links

x