বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপির প্রয়াত নেতা এটিএম মতিউর রহমানের বাড়িতে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৬ আগস্ট) উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। গ্রামের বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। শনিবার ভোরে দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র লুট করে। পরে আগুন ধরিয়ে দিলে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “মতিউরের সন্তানরা বছরে দু-একবার গ্রামে আসতেন। তবে ঘরটি সবসময় তালাবদ্ধ থাকত। দুর্বৃত্তরা ভাঙচুরের পর আগুন দিলে মুহূর্তেই ঘরটি পুড়ে যায়।”
বিএনপির প্রয়াত নেতার ছেলে হারুন-অর রশিদ বলেন, “আমরা বাড়িতে কেউ থাকি না। বাড়ি তালাবদ্ধ থাকে। আমাদের গ্রামের কিছু লোকের সঙ্গে জমি নিয়ে ঝামেলা আছে। সেই ঝামেলার সূত্র ধরেই এই ঘটনা ঘটাতে পারে।”
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”