রাজধানীর কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।



