রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (২৭) নামে এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে পরিবারের সদস্যরা তিন দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাসায় গিয়ে মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সাল থেকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
পারিবারিক সূত্র জানায়, ২৩ জুনের পর থেকে ফারার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হচ্ছিল না। বারবার ফোন করেও সাড়া না পেয়ে শুক্রবার বিকেলে স্বজনরা তার বাসায় যান। বিকেল পৌনে ৫টার দিকে ফ্ল্যাটের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে শাহবাগ থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এসআই একরামুল হক জানান, ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস কোর্সে অধ্যয়নরত ছিলেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে তার বড় বোন নাজুলা ফেরদৌস থাকতেন, যিনি নিজেও একজন চিকিৎসক। মঙ্গলবার দুই বোনের সর্বশেষ কথা হয়েছিল। এরপর থেকে ফারার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।



