Monday, June 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে এক নারীর মৃত্যু

গত বছরও ঢাকনাবিহীন ড্রেনে পড়ে জেলাটির এক নারীর মৃত্যু হয়

আপডেট : ২২ জুন ২০২৬, ০১:১০ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় খোলা ড্রেনে পড়ে নাজমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

রবিবার (২১ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা খাতুন সাতক্ষীরা জেলার বলাডাঙ্গা এলাকার আব্দুল বারীর মেয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মহাসড়কের পাশে বিরাটি প্রকল্পের ড্রেনের ঢাকনা খোলা থাকায় বৃষ্টির পানিতে সেটি ঢেকে যায়। ফলে নিচে খোলা ড্রেন রয়েছে তা বুঝতে না পেরে নাজমা খাতুন সেখানে পড়ে যান এবং স্রোতে তলিয়ে যান। প্রায় ৪০ মিনিট পর ডুবে যাওয়ার স্থান থেকে কিছু দূরে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুরে তার কোনো নিকটাত্মীয় খুঁজে না পাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর একই ধরনের ঘটনায় গাজীপুরের টঙ্গীতে  খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামে এক নারী নিখোঁজ হন। ৩ দিন পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

 

   

About

Popular Links

x