গাজীপুরের কালিয়াকৈরে একদিনের ব্যবধানে ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন শ্রমিকরা। অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
একই ঘটনা বারবার ঘটায় কালিয়াকৈর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
অসুস্থ শ্রমিকদের অভিযোগ, পানিতে অস্বাভাবিক উৎকট গন্ধ ছিল যা সহ্য করা যায়নি। পানি পান করার পর পরই শ্রমিকরা অসুস্থতাবোধ করতে শুরু করেন।
শ্রমিকরা জানান, সকালে যথাসময়ে তারা কারখানায় উপস্থিত হয়ে কাজে যোগদান করেন। ঘণ্টাখানেক পর কয়েকজন শ্রমিক কারখানার সাপ্লাই পানি পান করেন। অল্প কিছুক্ষণ পর শ্রমিকদের মাথা ঘোরা, বমি, পেট ব্যথা, শরীর দুর্বল ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একে এক বিভিন্ন ফ্লোরের শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে অধিকাংশ শ্রমিক শঙ্কামুক্ত রয়েছেন।
কালিয়াকৈর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন বলেন, “পানি পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার রিপোর্ট পাওয়া যাবে। আজকে আবারও কারখানার পানি পান করে শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় কারণ অনুসন্ধান করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে কারখানার কর্তৃপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, ১৮ জুন (বৃহস্পতিবার) ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। একদিনের ব্যবধানে দ্বিতীয় বার একই কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



