Friday, June 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

নকআউটের আগে জমে উঠেছে সমীকরণ, কার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা?

শেষ রাউন্ডের দুটি ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে মেসিদের পরবর্তী প্রতিপক্ষ

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দুই জয়ে “জে” গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছেন লিওনেল মেসিরা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই নকআউটের টিকিট হাতে পেয়েছে আলবিসেলেস্তেরা।

এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? বিশ্বকাপের সূচি অনুযায়ী, “জে” গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা খেলবে “এইচ” গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। সেই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। তাই শেষ রাউন্ডের দুটি ম্যাচের ফলই নির্ধারণ করবে মেসিদের পরবর্তী প্রতিপক্ষ।

শেষ ম্যাচে স্পেন মুখোমুখি হবে উরুগুয়ের, আর কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে। এই দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে আর্জেন্টিনার সামনে কোন দল আসবে।

উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হয়, তাহলে স্পেন রানার্সআপ হয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে। একইভাবে, উরুগুয়ের জয়ের পাশাপাশি সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও স্পেন দ্বিতীয় স্থান ধরে রাখবে এবং মেসিদের বিপক্ষে খেলবে।

অন্যদিকে স্পেন যদি উরুগুয়েকে হারায়, তাহলে তারা গ্রুপসেরা হবে। সে ক্ষেত্রে কেপ ভার্দে যদি সৌদিকে হারায় কিংবা দুই দল ড্র করে, তাহলে রানার্সআপ হবে কেপ ভার্দে। ফলে নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে আফ্রিকার দলটি।

আবার স্পেন জিতলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালে রানার্সআপ হবে সৌদি আরব। একই সমীকরণ তৈরি হবে যদি স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হয় এবং সৌদি জয় পায়। সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপের পর আবারও নকআউটে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

তবে সবচেয়ে জটিল পরিস্থিতি তৈরি হবে যদি উরুগুয়ে স্পেনকে হারায় এবং কেপ ভার্দেও সৌদিকে হারায়। তখন উরুগুয়ে ও কেপ ভার্দে দুই দলেরই পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে রানার্সআপ নির্ধারণে দেখা হবে গোল ব্যবধান। গোল ব্যবধান সমান হলে বিবেচনায় আসবে বেশি গোল, এরপর ফেয়ার প্লে পয়েন্ট। এখনও পর্যন্ত গোল ব্যবধান ও গোলসংখ্যা সমান থাকলেও কম হলুদ কার্ড দেখায় উরুগুয়ে সামান্য এগিয়ে রয়েছে।

আর যদি এইচ গ্রুপের শেষ দুটি ম্যাচই ড্র হয়, তাহলেও উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যে গোল ব্যবধান, গোলসংখ্যা, ফেয়ার প্লে এবং প্রয়োজন হলে ফিফা র‌্যাঙ্কিং বিবেচনায় রানার্সআপ নির্ধারণ করা হবে।

বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী কেপ ভার্দেকেই আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে। তবে শেষ রাউন্ডের দুই ম্যাচ একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় মুহূর্তেই বদলে যেতে পারে সব সমীকরণ। অন্যদিকে উরুগুয়ে যদি স্পেনকে হারাতে পারে, তাহলে নকআউটে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেনের হাইভোল্টেজ লড়াই দেখার সুযোগ পেতে পারেন ফুটবলপ্রেমীরা। তাই শনিবার সকাল ৬টায় অনুষ্ঠিত হতে যাওয়া “এইচ'”গ্রুপের শেষ দুটি ম্যাচ শুধু ওই গ্রুপের জন্যই নয়, আর্জেন্টিনার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।

   

About

Popular Links

x