ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডা. এ বি এম আব্দুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক ছিলেন। একইসঙ্গে ওই পদের বিপরীতে তার উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় আলোচ্যসূচির বহির্ভূতভাবে একজন সদস্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়েছিল। একই সভায় পুনরায় অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা ছিল বিধিবহির্ভূত। তাই এই নিয়োগ অনুমোদন করা যায় না।
এতে আরও বলা হয়, বিধিবহির্ভূত বিবেচিত হওয়ায় ৯২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক হিসেবে দেওয়া আজীবন নিয়োগটি বাতিল করা হলো। একইসঙ্গে ওই সভার তারিখ থেকে অধ্যাপক ইমেরিটাস পদের বিপরীতে তার উত্তোলিত বেতন-ভাতাদিও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, “ইমেরিটাস অধ্যাপক পদ কেড়ে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সঙ্গে অন্যায় করেছে। এটা অযৌক্তিক। আমি ৫০ বছর ধরে সৎভাবে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমার অসংখ্য বই দেশে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, মেডিকেল শিক্ষায় কাজে লাগছে।”
তিনি আরও বলেন, “পৃথিবীর ইতিহাসে কোথাও এভাবে একটা সম্মানজনক পদ ছিনিয়ে নেওয়ার নজির নেই। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আর কোনো সমস্যা নেই, শুধু আমার এই পদ কেড়ে নিলেই সব সমাধান হবে। এমন আচরণ প্রত্যাশিত নয়।”



