স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।
রবিবার (২১ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণসহ সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জিয়াউদ্দিন হায়দার বলেন, “এ মাসের ১২ তারিখে পর্তুগালের লিসবন গিয়েছিলাম, সেখানে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভসের ৩৪তম ইন্টারন্যাশনাল কংগ্রেস হলো। সেখানে ১২২ দেশ থেকে তিন হাজারেরও বেশি মিডওয়াইফ এবং ইউএনএফপিএ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনেক দেশের সংসদ সদস্য এবং মন্ত্রীরাও এসেছিলেন। ৩ দিনের একটা কনফারেন্স ছিল। সেখানে আমাদেরকে, আমাকে ইনভাইট করা হয়েছিল বাংলাদেশ থেকে এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে।”
তিনি আরো বলেন, “আমরা সেখানে ঘোষণা দিয়েছি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, আমরা বেশিরভাগ জোর দিচ্ছি আমাদের দেশের প্রাইমারি হেলথকেয়ারকে শক্তিশালী করার জন্য।”
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, “আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা প্রথাগতভাবে ট্রিটমেন্ট সেন্ট্রিক (চিকিৎসানির্ভর), এইটাকে কীভাবে প্রিভেনশন সেন্ট্রিক (রোগ প্রতিরোধ নির্ভর) করা যায়- এটা নিয়ে আমরা কাজ করছি। এই নিয়ে আমি কথা বলেছি।”



