Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিউনিসিয়াকে হারিয়ে জাপানের রেকর্ডগড়া জয়

৪-০ ব্যবধানে জিতে তারা তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে

আপডেট : ২১ জুন ২০২৬, ০১:৩২ পিএম

বিশ্বকাপের হাজারতম ম্যাচে নেমে ইতিহাসগড়া জয় পেয়েছে জাপান। ৪-০ ব্যবধানে জিতে তারা তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। একইসঙ্গে এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ৪টি গোল করলো সামুরাই ব্লুরা। 

এর আগে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলের ড্র দিয়ে জাপান এবারের আসর শুরু করেছিল। তিউনিসিয়ার বিপক্ষে বড় জয় তাদের টানা চতুর্থবারের মতো নকআউট পর্বের দিকে একধাপ এগিয়ে দিলো।

জাপানের হয়ে জোড়া গোল করেন আয়াসে উয়েদা। এছাড়া দাইচি কামাদা ও জুনিয়া ইতো একটি করে গোল করেন। এই জয়ে জাপান চার পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের সমান অবস্থানে রয়েছে। তবে দুই ম্যাচে এক গোল বেশি করায় গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে আছে ডাচরা। সমান ম্যাচ খেলে সুইডেন ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

মেক্সিকোর এস্তাদিও মন্টেরেইয়ে অনুষ্ঠিত ১০০০তম ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় জাপান। যা বিশ্বকাপে তাদের ইতিহাসের দ্রুততম গোল। কেইতো নাকামুরার ক্রসে দাইচি কামাদা নিকটদূরত্ব থেকে বল জালে পাঠান। যা চলমান আসরে তার দ্বিতীয় গোল। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। মাঝমাঠ থেকে বল নিয়ে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড দূর থেকে বাঁকানো শটে জালের কাঁপান।

উয়েদার নিখুঁত লুপিং হেডে আসে জাপানের ঐতিহাসিক চতুর্থ গোল। এর আগে ৬৯ মিনিটে তৃতীয় গোলটি করেন জুনিয়া ইতো। উয়েদার চমৎকার ফ্লিক থেকে বল পেয়ে তিনি তিউনিসিয়ার গোলরক্ষক আইমেন দাহমেনকে ঠান্ডা মাথায় ফাঁকি দিয়েছেন।

৪ গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি তিউনিসিয়া। আর জাপান ৪-০ গোলে জিতে টিকিয়ে রেখেছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। আর পরপর দুই ম্যাচে হেরে বাদ পড়তে হলো তিউনিসিয়ার।

জাপান গ্রুপ পর্বে তাদের পরের ম্যাচ খেলবে আগামী ২৬ জুন সুইডেনের বিপক্ষে। একইদিন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তিউনিসিয়া।  

   

About

Popular Links

x