Saturday, July 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

রোনালদো-নয়্যারদের নিয়ে প্রকাশ হলো বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ

বিশ্বকাপে অনেক ফুটবলার নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:০২ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপে অনেক ফুটবলার নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন। তবে প্রত্যাশার তুলনায় হতাশ করেছেন বেশ কয়েকজন তারকা ফুটবলারও। টুর্নামেন্ট শেষে সেই পারফরম্যান্সের মূল্যায়ন করে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ব্লিচার রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বকাপের “ফ্লপ একাদশ”।

এই একাদশে সবচেয়ে আলোচিত নাম পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সঙ্গে জায়গা পেয়েছেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, ইংল্যান্ডের রিস জেমস, ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালহায়েস, জার্মানির জোনাথন তাহ, ফ্রান্সের লুকাস দিগনে, উরুগুয়ের ফেদে ভালভার্দে, পর্তুগালের ভিতিনিয়া, জার্মানির লেরয় সানে, ইংল্যান্ডের ননি মাদুয়েকে এবং আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে।

ব্লিচার রিপোর্টের মূল্যায়নে, এই বিশ্বকাপে সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স ছিল ম্যানুয়েল নয়্যারের। আন্তর্জাতিক ফুটবলে অবসর ভেঙে ফিরে এলেও জার্মানির হয়ে তিনি নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি। গ্রুপ পর্বে একাধিক ভুলের পাশাপাশি নকআউট পর্বেও দলকে রক্ষা করতে ব্যর্থ হন এই অভিজ্ঞ গোলরক্ষক।

রক্ষণভাগে থাকা রিস জেমস পুরো টুর্নামেন্টে ইনজুরির কারণে সম্ভাব্য ৭২০ মিনিটের মধ্যে খেলেছেন মাত্র ৩১৮ মিনিট। অন্যদিকে ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালহায়েস গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অবস্থানগত ভুলের জন্য সমালোচিত হন। বিশেষ করে নরওয়ের বিপক্ষে আর্লিং হলান্ডকে ফাঁকা হেডের সুযোগ করে দেওয়ার ঘটনাটি তার বড় ভুল হিসেবে উল্লেখ করেছে ব্লিচার রিপোর্ট। জার্মানির জোনাথন তাহও প্রত্যাশা পূরণ করতে পারেননি। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ শট মিস করে দলের বিদায় ত্বরান্বিত করেন তিনি। আর স্পেনের বিপক্ষে সেমিফাইনালে লুকাস দিগনের ভুল থেকেই গুরুত্বপূর্ণ পেনাল্টি আদায় করে নেয় স্পেন।

মাঝমাঠে থাকা উরুগুয়ের অধিনায়ক ফেদে ভালভার্দে পুরো টুর্নামেন্টে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। একইভাবে ক্লাব ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটালেও পর্তুগালের হয়ে নিজের সেরাটা দেখাতে ব্যর্থ হন ভিতিনিয়া। প্রায় প্রতিটি ম্যাচেই তাকে বদলি করা হয়েছে, যা তার হতাশাজনক বিশ্বকাপের প্রতিফলন বলে মন্তব্য করেছে ব্লিচার রিপোর্ট।

আক্রমণভাগে লেরয় সানে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন। পাশাপাশি ইংল্যান্ডের ননি মাদুয়েকে, আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে এবং পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকেও রাখা হয়েছে এই ফ্লপ একাদশে। বিশেষ করে রোনালদোর কাছ থেকে বড় কিছু প্রত্যাশা থাকলেও তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে মনে করেছে ক্রীড়া মাধ্যমটি।

এদিকে বিশ্বকাপের “ফ্লপ” কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন পর্তুগালের সাবেক কোচ রবার্তো মার্টিনেজ। ব্লিচার রিপোর্টের দাবি, পুরো টুর্নামেন্টে দলের সামগ্রিক কৌশলের চেয়ে রোনালদোকেন্দ্রিক পরিকল্পনায় বেশি গুরুত্ব দেওয়ায় ভারসাম্য হারায় পর্তুগাল। শেষ পর্যন্ত শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দলটি।

ব্লিচার রিপোর্টের বিশ্বকাপের ফ্লপ একাদশে রয়েছেন ম্যানুয়েল নয়্যার (গোলরক্ষক), রিস জেমস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জোনাথন তাহ, লুকাস দিগনে, ফেদে ভালভার্দে, ভিতিনিয়া, লেরয় সানে, ইয়ান দিওমান্দে, ননি মাদুয়েকে ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ হিসেবে রাখা হয়েছে রবার্তো মার্টিনেজকে।

   

About

Popular Links

x