Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ২৫ বসতঘর পুড়ে ছাই

১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৩:২৬ পিএম

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৬টার দিকে টঙ্গীর মুদাফা (পশ্চিম পাড়া) এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শাহিন আলম বলেন, “ভোরে ওই এলাকার একটি বসতঘরে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি দেখতে পায় স্থানীয়রা। আগুন দ্রুত পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।”

তবে এ আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। আগুনে একই মালিকানাধীন ২৫টি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে আগুনে ২৫টি বসতঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

   

About

Popular Links

x