হামের পর এবার বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদিকে, এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯৬ শিশুর।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।
বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দুজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১৭ জনের। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট শনাক্ত রোগীর মধ্যে ৪ হাজার ৯১৯ জন দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১১৯ ডেঙ্গু রোগী।
মোট রোগীর মধ্যে চলতি মাসের এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুনে এখন পর্যন্ত ৩ হাজার ১২০ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।



