Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপে বেশিরভাগ ফুটবলারের পায়ে গোলাপি বুট কেন? জানলে অবাক হবেন

গোলাপি বুট জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে দুটি কারণ দৃশ্যমানতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস

আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:২৪ এএম

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়মিত দেখে থাকলে নিশ্চয়ই একটি বিষয় আপনার নজরে এসেছে এবার অসংখ্য ফুটবলারের পায়ে দেখা যাচ্ছে উজ্জ্বল গোলাপি রঙের বুট। কালো, সাদা বা লালের মতো প্রচলিত রঙ ছেড়ে কেন হঠাৎ গোলাপি বুটের এত জনপ্রিয়তা, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

বিশ্বের শীর্ষ ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি, অ্যাডিডাস, নিউ ব্যালান্স ও পুমা আগেই ধারণা করেছিল যে, ২০২৬ সালে গোলাপি রঙের বুটের চাহিদা বাড়বে। সেই ভাবনা থেকেই তারা বাজারে আনে নতুন প্রজন্মের পারফরম্যান্স বুট, যা দ্রুতই পেশাদার ফুটবলারদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়।

গোলাপি বুট জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে মূলত দুটি কারণ দৃশ্যমানতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস।

প্রথমত, সবুজ ঘাসের মাঠে গোলাপি রঙ সহজেই আলাদা করে চোখে পড়ে। ফলে দর্শক, সতীর্থ এমনকি টেলিভিশনের পর্দায় খেলোয়াড়দের শনাক্ত করাও সহজ হয়। অ্যাডিডাস জাপানের এক প্রতিনিধি জাপানের সংবাদমাধ্যম দ্য অ্যাসাহি শিম্বুনকে জানান, সবুজ মাঠের সঙ্গে গোলাপি রঙের বৈপরীত্য খেলোয়াড়দের দৃশ্যমানতা অনেক বাড়িয়ে দেয়।

দ্বিতীয় কারণটি মানসিক। অনেক খেলোয়াড়ের বিশ্বাস, উজ্জ্বল রঙের বুট তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। নাইকির ফুটবল ফুটওয়্যার টিমের সদস্য ওডিঙ্গা নিমাকো দ্য অ্যাথলেটিককে বলেন, “বড় ম্যাচে উজ্জ্বল রঙের বুট খেলোয়াড়দের মানসিকভাবে আরও আত্মবিশ্বাসী করে তোলে। এ ধরনের মতামত থেকেই নাইকি গোলাপি বুটের নকশা ও উৎপাদনে বিশেষ গুরুত্ব দিয়েছে।”

নিমাকোর ভাষায়, গোলাপির মতো এত উজ্জ্বল রঙের বুট পরলে খেলোয়াড়দের মনে হয়, নিজের পারফরম্যান্স দিয়ে সেই বুটের মর্যাদা প্রমাণ করতে হবে। পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে গোলাপি রঙ এখন অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যা এটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।

একই মত প্রকাশ করেছেন নিউ ব্যালান্সের ফুটবল বিভাগের প্রোডাক্ট প্রধান রব শেলডন। তার মতে, গোলাপি এখন শুধু একটি রঙ নয়; এটি মাঠে শক্তি, আত্মবিশ্বাস ও দৃশ্যমানতার প্রতীক। খেলোয়াড়দের মতামত, আধুনিক ডিজাইন এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে এমন বুট তৈরি করা হয়েছে, যা যেমন নজরকাড়া, তেমনি পারফরম্যান্সেও সেরা।

   

About

Popular Links

x