রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আহত মো. নুরুল ইসলাম (৫৫) মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে করে আসা ছয় দুর্বৃত্ত নুরুল ইসলামের বাসার নিচে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মুখের বাঁ পাশ, কাঁধ ও হাতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব এবং পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।



